২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি ব্যাংকে গোয়েন্দাবাহিনী গঠন করতে হবে: ইব্রাহিম খালেদ

ব্যাংকিং খাতের অপরাধ প্রতিরোধে প্রতি ব্যাংকে শক্তিশালী গোয়েন্দা বাহিনী গঠন করার কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 01:04 AM

Updated : 12 Apr 2022, 03:13 AM

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে আর্থিক অপরাধ’ শীর্ষক এক কর্মশালার বক্তব্যে একথা বলেন তিনি ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান বলেন, “ব্যাংক খাতে অপরাধ যেহেতু বেড়েছে, তাই প্রত্যেক ব্যাংকে একটি শক্তিশালী গোয়েন্দাবাহিনী গঠন করতে হবে।

“এদের কাজ হবে, অপরাধ সংঘটিত হওয়ার আগে পূর্বাভাস দেওয়া। এদের পরিচয় সবার জানার দরকার নেই। তারা বর্ণচোরা হয়ে কাজ করবে।”

ব্যাংকের পরিচালক পদে আজীবন থাকার দাবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইব্রাহিম খালেদ বলেন, “এতে করে ব্যাংকের এমডিদের দ্বারা পরিচালকদের লেজুরবৃত্তি করার নতুন আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের কয়েকটি বড় ব্যাংকও এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে শেষ পর্যন্ত দেউলিয়া হয়েছে।”

“দীর্ঘদিন এক পদে থাকলে সেখানে অপরাধের প্রবণতা বাড়ে। মনে রাখতে হবে, ব্যাংকের ৯০ শতাংশ টাকা আমানতকারীদের; তাদের আমানতের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে।”

গত ৩০ অক্টোবর ব্যাংকের পরিচালক পদে আজীবন থাকার দাবি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) নেতারা। ওই বৈঠকে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতারাও উপস্থিত ছিলেন।

বিদ্যমান ব্যাংকিং আইন অনুযায়ী, ব্যাংকের পরিচালকরা টানা দুই মেয়াদ (৬ বছর) পরিচালক থাকতে পারেন। মাঝখানে বিরতি দিয়ে পরে আবার তারা পরিচালক পদে আসতে পারেন।

কিন্তু বিএবি ও এবিবির দাবি, ‘উদ্যোক্তারা আজীবনই ব্যাংকের পরিচালক পদে থাকেন, ছয় বছর পরে কেন বিদায় নেবেন’।

বিআইবিএম আয়োজিত এই কর্মশালা সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।

কর্মশালায় ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে আর্থিক অপরাধ’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এটি তৈরি করেছেন বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক শাহ মো. আহসান হাবিব। তাকে সহযোগিতা করেছেন-বিআইবিএম সদস্য এসকে নাজিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক নেহাল আহমেদ, সহকারী অধ্যাপক অতুল চন্দ্র পন্ডিত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুলকার নাইন ও বিএফআইইউর যুগ্ম পরিচালক কামাল হোসেন।

কর্মশালার অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, “অর্থনৈতিক ও আর্থিক অপরাধ এখন বৈশ্বিক সমস্যা। এ সমস্যা মোকাবিলা করে আমাদের এগুতে হচ্ছে। বিশেষ করে মানি লন্ডারিংয়ের প্রবণতা বেড়েছে।”

কর্মশালায় রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এ চৌধুরী বলেন, “পরিচালকরা বর্তমানে ভাগাভাগি করে ঋণ নিয়ে যাচ্ছেন। তারা বলে-তুমি আমার ব্যাংক থেকে নাও, আমি তোমার ব্যাংক থেকে নেব।”

তিনি আরো বলেন, “ব্যাংকগুলো দীর্ঘদিনের খেলাপি হওয়া অর্থ ফেরত পেতে মামলা করে। কোর্ট থেকে সে মামলার স্থগিতাদেশ নিয়ে আবার ঋণ নিচ্ছে খেলাপিরা। এ ধরনের ঋণ নেওয়া বাংলাদেশ ব্যাংককে সার্কুলার করে বন্ধ করতে হবে। আর্থিক গোয়েন্দা ইউনিট কোনো ব্যাংকে নেই। এটা গঠন করতে হবে।”

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াসিন আলী বলেন, “ব্যাংকে কিছু ব্যক্তি সব সময় অনিয়ম-দুর্নীতি করে। এতে সে নিজেকে ও অন্যকে বিপদে ফেলে। ঊর্ধ্বতন কর্মকর্তা সৎ না হলে অপরাধ দমন সম্ভব নয়। ব্যাংকের ৯০ শতাংশ অপরাধে নিজস্ব লোক জড়িত।”

কর্মশালায় অন্যদের মধ্যে পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল আহমেদ চৌধুরী ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফারুক মইনুদ্দিনসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।