৩ মাসে বিদেশি বিনিয়োগের প্রস্তাব বেড়েছে ১৭৬%
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রস্তাব ১৭৬ শতাংশের বেশি বেড়েছে।তবে স্থানীয় বা দেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশের মতো।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ-বিডা)মঙ্গলবারদেশি-বিদেশি বিনিয়োগ সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে, তাতে এই তথ্য পাওয়া গেছে।
বিডার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে ৩০৫টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত এ সব প্রতিষ্ঠানের প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার ৩৫১ কোটি টাকা।
বিনিয়োগের এই অঙ্ক আগের তিন মাস এপ্রিল-জুন সময়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বা ১০ হাজার ১৭ কোটি টাকা বেশি।
চলতি ২০১৬ সালেরএপ্রিল-জুন সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এ নিবন্ধিত মোট ৪৪৪টি শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ৪০ হাজার ২৩৪ কোটি টাকা।
স্থানীয় বিনিয়োগ
জুলাই-সেপ্টেম্বর সময়ে সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগের জন্য নিবন্ধিত ২৬৯টি শিল্প ইউনিটে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ১৯ হাজার ৫১০ কোটি টাকা।
এপ্রিল-জুন সময়ে এই বিনিয়োগের পরিমাণ ছিল ২৯ হাজার ১০৭ কোটি টাকা।নিবন্ধিত শিল্প ইউনিটের সংখ্যা ছিল ৩৯৪টি।
এ হিসাবে এই তিন মাসে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব হ্রাস পেয়েছে ৩৩ শতাংশ।
তবে ২০১৫ সালেরজুলাই-সেপ্টেম্বরের চেয়ে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৪২ দশমিক ২১ শতাংশ।
বিদেশি বিনিয়োগ
একই সময়ে ১৫টি শতভাগ বিদেশি ও ২১টি যৌথ বিনিয়োগের জন্য নিবন্ধিত শিল্পে অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৩৬টি নিবন্ধিত শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৪১ কোটি টাকা।
এপ্রিল-জুন তিন মাসে বৈদেশিক বিনিয়োগ সম্বলিত মোট ৫০টি নিবন্ধিত শিল্পের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ১১ হাজার ১২৭ কোটি টাকা।
এ হিসাবে বিদেশি বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ১৭৬ দশমিক ২৭ শতাংশ।
আলোচ্য তিন মাসে স্থানীয় এবং বৈদেশিক সম্মিলিতভাবে ইঞ্জিনিয়ারিং শিল্পখাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। তা মোট বিনিয়োগের ৬৮ দশমিক ৬৩ শতাংশ
এছাড়া রাসায়নিক শিল্পখাতে ১০ শতাংশ, টেক্সটাইল শিল্পখাতে ৫.৭৪ শতাংশ, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স শিল্পখাতে ৩.১৩ শতাংশ এবং অন্যান্য শিল্পখাতে ১২.৫ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।
তিন মাসে নিবন্ধিত ৩০৫টি শিল্পে মোট ৫৩ হাজার ২৭৯ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে বিডার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনকে একীভূত করে সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নামে নতুন এই সংস্থা গঠন করেছে।
বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে সংস্থাটি গত ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সংস্থাটির প্রথম নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম।
