২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছরে এডিবি দেবে ৮০০ কোটি ডলার

বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৮০০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব‌্যাংক-এডিবি, যা আগের পাঁচ বছরের চেয়ে ৬০ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 12:13 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

অবকাঠামো, মানবোন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার মত খাতে ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরের মধ‌্যে বাংলাদেশ এই ঋণ পাবে।

ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি বুধবার সংস্থাটির ‘বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) ২০১৬-২০২০ প্রতিবেদনে ঋণ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় আট শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, অবকাঠামো খাতের ব্যাপক উন্নয়নসহ নানা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।

“এ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার জন্যই এডিবি পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিচ্ছে। আশা করছি, এডিবির এই ঋণ সরকারের লক্ষ্যপূরণে সহায়ক হবে।”

নতুন পাঁচ বছরের জন্য বাংলাদেশে এডিবির অর্থায়নের এ রূপরেখা গত পাঁচ বছরের তুলনায় ৩০০ কোটি ডলার বেশি। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা ৫০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল।

কাজুহিকো হিগুছি জানান, এডিবির এই ঋণের ক্ষেত্রে যোগাযোগ, জ্বালানি ও নগর উন্নয়নসহ অবকাঠামো খাত; মানবোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি; বিভিন্ন খাতে ইকোনমিক করিডোর উন্নয়ন; পল্লীর জীবনমান ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির মত খাত গুরুত্ব পাবে।

Image
ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি

ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি

এই ঋণের সুদ হার জানতে চাইলে এডিবি ঢাকা অফিসের প্রধান বলেন, বরাবরের মতোই ‘সহজ শর্তে’ বাংলাদেশকে এই ঋণ দেওয়া হবে।

“মোট ঋণের মধ্যে ৫০ শতাংশ হবে কনসেশনাল (সহজ শর্তে স্বল্প সুদের ঋণ)। আর বাকি ৫০ শতাংশ হবে বাজারভিত্তিক। বাজারভিত্তিক ঋণের সুদের ক্ষেত্রে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে দশমিক ৫০ শতাংশ যোগ হবে।”

লাইবর রেট বাজারেরও পর নির্ভর করে ওঠানামা করে। কখনও ১ শতাংশ, কখনও ১ দশমিক ৫ শতাংশ থাকে।

সব মিলিয়ে বাজারভিত্তিক সুদের অংশের হার ২ শতাংশের বেশি হবে না বলে কাজুহিকো হিগুছি জানান।

এডিবির কনসেশনাল ঋণের সুদের হার ১ শতাংশেরও কম হয়ে থাকে। প্রথম কয়েক বছর ঋণের কিস্তি ও সুদ শোধ করতে হয় না।

বাংলাদেশের অর্থনীতির চালচিত্র তুলে ধরতে গিয়ে এডিবির এই কর্মকর্তা বলেন, ২০১১ থেকে ২০১৫ অর্থবছরে বাংলাদেশ গড়ে ৬ দশমিক ৩ শতাংশ হারে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি পেয়েছে, যা গত অর্থবছর ৭ শতাংশ পেরিয়ে গেছে।

এছাড়া সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, মাথা পিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য বিমোচনে ধারাবাহিক উন্নতি এবং কর্মক্ষম তরুণ জনসংখ‌্যার বৃদ্ধিকে বাংলাদেশের শক্তির জায়গা হিসেবে তুলে ধরেন তিনি।

সেই সঙ্গে রপ্তানি বাণিজ‌্যে তৈরি পোশাক খাতের ওপর অতি নির্ভরশীলতা, বেসরকারি খাতে বিনিয়োগের প্রতিবন্ধকতা, অবকাঠামোগত দুর্বলতা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মীর অভাব, গ্রামীণ দারিদ্র্য এবং জলবায়ু ঝুঁকির বিষয়গুলোকে বাংলাদেশের অর্থনীতির সামনে বড় চ‌্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন কাজুহিকো হিগুছি।

বাংলাদেশের উন্নয়নে ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এডিবির প্রতিবেদনে বলা হয়, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে; বাড়াতে হবে রাজস্ব আদায় ও বিদেশি অর্থায়নের পরিমাণ। সেই সঙ্গে উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নের গতি বাড়াতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সক্ষমতা ও দক্ষতার উন্নয়ন প্রয়োজন।

Image
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন আহমেদ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন আহমেদ

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন আহমেদ এডিবিকে বাংলাদেশের উন্নয়নের ‘অন্যতম অংশীদার’ অভিহিত করেন।

তিনি বলেন, “শুধু সরকারের কারণেই এডিপি বাস্তবায়নে দেরি (মন্থর) হয় না, অনেক সময় অর্থ ছাড়ে উন্নয়ন সংস্থাগুলোর বিলম্বের কারণেও প্রকল্প সময়মত বাস্তবায়ন করা যায় না।

“এমনও দেখা গেছে, প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে, অথচ উন্নয়ন সংস্থার অর্থ ছাড় হয়নি।”

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে ১৮ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়ে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড় করেছে এডিবি।

এই অর্থ ব্যয় হয়েছে মূলত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ খাতের উন্নয়নে । বেসরকারি খাতের উন্নয়নেও এডিবির দেওয়া ঋণ কাজে লেগেছে।

অন‌্যদের মধ‌্যে বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।