২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে গণমাধ্যমে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এলে সঙ্গে সঙ্গে তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 12:44 AM

Updated : 11 Oct 2022, 08:36 PM

সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে দেশে কার্যরত সব ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ ও ২০ জুলাই দুই দফায় দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে জঙ্গি ও সন্ত্রাসীদের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত হয়।

“সে সিদ্ধান্ত মোতাবেক ২৭ জুলাই সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি দিয়ে গণমাধ্যমে প্রকাশিত জঙ্গিদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।”

চিঠিতে গণমাধ্যমে সন্ত্রাস বা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আসা ব্যক্তি ও সংগঠনের নামে ব্যাংকে কোনো হিসাব পাওয়া গেলে তা তাৎক্ষণিক স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

কোন গণমাধ্যমের তথ্য বিবেচনায় নেওয়া হবে সে সিদ্ধান্তের ভার ব্যাংকগুলোর ওপর ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

“তবে প্রচলিত আইনে যারা সন্ত্রাসী বা জঙ্গি, তারাই এ আইনের আওতায় পড়বে,” বলা হয়েছে চিঠিতে।

গত ১ জুলাই গুলশানে ক্যাফেতে এবং এর এক সপ্তাহের মধ্যে ঈদের সকালে শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ স্থানান্তরিত না হয় সেজন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সজাগ থাকার নির্দেশ দেওয়া হয় ওই বৈঠকে। পাশাপাশি রেমিটেন্সের প্রকৃত সুবিধাভোগীর তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক শাখাগুলো আইনকানুন সঠিকভাবে পরিপালন করছে কি না, তা যাচাই করে আগামী অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।