২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়্যার কোম্পানির বিদেশে অর্থ নেওয়ার সীমা বাড়ল

আইটি এবং সফটওয়্যার কোম্পানির বিদেশে অর্থ নেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 12:08 AM

Updated : 12 Apr 2022, 02:38 AM

এখন থেকে এসব কোম্পানি বিদেশে প্রয়োজনীয় খরচ মেটাতে বছরে ২৫ হাজার ডলার পর্যন্ত নিতে পারবে। আগে এই সীমা ছিল ২০ হাজার ডলার।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জারি করা এক সার্কুলারে আইটি এবং সফটওয়্যার কোম্পানিগুলোর বিদেশে অর্থ নেওয়ার সীমা ১০ হাজার ডলার থেকে বাড়িয়ে ২০ হাজার ডলার করেছিল বাংলাদেশ ব্যাংক। তা আরও বাড়িয়ে ২৫ হাজার ডলার করা হয়েছে।

বিদেশে অবস্থিত অফিস ব্যবস্থাপনাসহ বিভিন্ন ব্যয় মেটাতে আইটি বা সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো দেশের বাইরে অর্থ নিয়ে থাকে। সার্বিকভাবে এখন ব্যয় আগের তুলনায় বেড়েছে। এতদিন ২০ হাজার ডলারের বেশি অর্থ নিতে হলে প্রতিষ্ঠানগুলোকে কেস-টু-কেস ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি নিতে হত।

যাচাই-বাছাই করে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত দিত। তবে এখন ২৫ হাজার ডলার পর্যন্ত নিতে এই অনুমতি নিতে হবে না।

এছাড়া আইটি ফার্মের একজন কর্মকর্তা বিদেশ ভ্রমণের সময় নিজের ইন্টারন্যাশনাল কার্ডে সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার নিতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে, যা আগে ছিল ২ হাজার ডলার।