২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা টাকা নয়, দক্ষতা: মজিদ

নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের চেয়ে তা খরচের ক্ষেত্রে দক্ষতার উপরই বেশি জোর দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুল মজিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:19 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

“অর্থনীতিতে টাকা এখন আর সমস্যা না, দক্ষতা এবং (বাস্তবায়ন) করতে পারাটা এখানে বিষয়,” বলছেন তিনি।

২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাজেট ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ’র এক সংবাদ সম্মেলনে মজিদ একথা বলেন।

এবার ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী।

আগের বছরে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়া এনবিআরকেই নতুন লক্ষ্যমাত্রার প্রায় পুরোটা আদায় করতে হবে, যা কঠিন বলে মনে করছেন অর্থনীতিবিদদের অনেকেই।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব কি না- সংবাদ সম্মেলনে এই প্রশ্নে এনবিআর প্রধানের দায়িত্ব থেকে কয়েক বছর আগে অবসরে যাওয়া মজিদ বলেন, “এক সময় ছিল, টাকা নাই, তাই এডিপি বাস্তবায়ন করতে পারছি না। অর্থাৎ আগে টাকা দেন, তা দিয়ে এডিবি বাস্তবায়ন করব। এখন বিষয়টা এই রকম না।

“অর্থনীতিতে বিনিয়োগ হতে হবে। বিনিয়োগ হলেই অর্থনীতি গতিশীল হবে। অর্থনীতি গতিশীল হলেই সেখান থেকে রাজস্ব আসবে।”

“আমার কাছে ১০ টাকা থাকা মানে সেটা ১০ টাকাই। আর ১০ টাকা ৫ হাত ঘুরলে সেটা ৫০ টাকা। সেখান থেকে আমি ভ্যাট পাব, আয়কর পাব,” উদাহরণ হিসেবে বলেন তিনি। 

“এনবিআর যে রাজস্ব সংগ্রহ করবে, সেটা দুটি বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে, অর্থনীতি কেমন আছে। অর্থনীতিতে আয় হলে আয়কর পাওয়া যাবে। অর্থনীতিতে যদি কেনাবেচা থাকে, তাহলে মূসক পাওয়া যাবে। আমদানি-রপ্তানি হলে সেখানে শুল্ক আসবে।”

কর আদায়ের ক্ষেত্রে এনবিআরের দক্ষতার পাশাপাশি সংবেদনশীলতার উপরও জোর দেন তিনি। 

“বিদ্যমান করদাতার কাছ থেকে কর নেওয়ার ক্ষেত্রে শিষ্টের দমন দুষ্টের পালন হয়ে গেলে তাহলে রাজস্ব ঠিকমতো আসবে না।”

দক্ষতার বিষয়ে মজিদের উদাহরণ টানেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীত করার কাজকে, যার ধীর গতি নিয়ে সমালোচনা রয়েছে।

“এটার কী হচ্ছে? এটা আজ থেকে ৭-৮ বছর আগে অনুমোদন করা। বাস্তবায়ন চলছে, কিন্তু কোথাও কোথাও দেখা গেল, জমি অধিগ্রহণ করা নাই, অন্য একটা জিনিস ঠিক করা নাই। এগুলো দক্ষতার প্রশ্ন।”

প্রকল্প পাস হওয়ার সময় খুঁটিনাটি বিষয়গুলো ঠিক করা হলে দেরি এবং অপচয় এড়ানো যেত বলে মনে করেন তিনি।

উন্নয়ন ব্যয় বাড়ানোর দাবি

বাজেটে উন্নয়ন ব্যয় না বাড়ালে মধ্যম আয় ও উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা বিলম্বিত হতে পারে বলে সংবাদ সম্মেলনে মত প্রকাশ করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ।

ফোরামের সভাপতি হাফিজুর রহমান খান বলেন, বাজেটে সামগ্রিক ব্যয়ের ৬৭ দশমিক ৫ শতাংশ অনুন্নয়ন খাতে রাখা হয়েছে।

“এতে জিডিপি বৃদ্ধিতে প্রত্যক্ষ অবদান রাখা উৎপাদনশীল খাতের পরিবর্তে অনুৎপাদনশীল খাতে সরকারের সিংহভাগ অর্থ ব্যয় হবে। অথচ অগ্রগতি ত্বরান্বিত করতে বাজেটের ৪৫ শতাংশ উন্নয়ন খাতে থাকা উচিৎ।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরকারের উদ্দেশে বলেন, “মোবাইল আইডেনটিফিকেশনের সিদ্ধান্ত দুই মাসের মধ্যে করে ফেলেছেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন কেন পারছেন না?

“তিনটা কার্ডের দুটি কার্ড অবশ্যই সবার থাকা উচিৎ। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আর সোস্যাল সিকিউরিটি কার্ড বা ট্যাক্স আইডেন্টিটি কার্ডের মধ্যে একটা।”