২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগে জটিলতাও অর্থ পাচারে বাধ্য করে: অধ্যাপক তসলিম

দেশের বাইরে অর্থ পাচারের পেছনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতাসহ নানা বিড়ম্বনাও ভূমিকা রাখে বলে মনে করেন অর্থনীতির অধ্যাপক এম এ তসলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 06:58 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

শনিবার রাজধানীতে ‘অবৈধ অর্থ পাচার এবং আমাদের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এই মত তুলে ধরেন বলে আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তসলিম বলেন, “মানুষ কেন অর্থ পাচার করে সে বিষয়টি গবেষণা করে দেখা উচিত। বিনিয়োগের ক্ষেত্রে আইনি নানা জটিলতা এবং নানা বিড়ম্বনা অনেক সময় মানুষকে অর্থ পাচারে বাধ্য করে।”

অবৈধ অর্থ পাচার রোধে সমাজের সকলের মধ্যে নিরাপত্তাবোধ তৈরিতে সব রাজনৈতিক দলের সদিচ্ছার উপর জোর দেন আলোচকরা।

গোলটেবিল আলোচনার ধারণাপত্রে অবৈধ অর্থ পাচার রোধে বেশকিছু আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন বেসরকারি সংস্থা ইক্যুইটিবিডির অন্যতম সমন্বয়ক আহসানুল করিম বাবর।

এর মধ্যে রয়েছে- যৌথ নাগরিকত্ব আছে এমন সব বাংলাদেশির আয়ের হিসাব দেওয়া ও দুই হাজার ডলারের বেশি দামের পণ্যে লেনদেন ব্যাংকের মাধ্যমে করা বাধ্যতামূলক করা এবং কেউ সম্পদের মিথ্যা তথ্য দিলে তার সম্পদ বাজেয়াপ্ত করা।

আহসানুল করিম বলেন, ২০১৪ সালে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ অবৈধভাবে বিদেশে পাচার হয়েছিল তা দেশের জিডিপির ৭ শতাংশ এবং ওই বছর পাওয়া বৈদেশিক সাহায্যের ১১ গুণ।

“২০১৩ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ তার আগের বছরের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেড়ে যায় এবং মালয়েশিয়ায় দ্বিতীয় নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশীদের অবস্থান বিশ্বে তৃতীয়।”

ইক্যুইটিবিডির সঙ্গে দৈনিক বণিক বার্তার যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনায় অবৈধ অর্থ পাচার রোধে কঠোর আইন-বিধি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর শক্তিশালী ভূমিকা রাখার সুপারিশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহামুদ চৌধুরী, বিএনপি নেতা মাহাবুবুর রহমান, পিপিআরসির সভাপতি হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল তিতুমির, নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আহমেদ এবং কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক ও ইক্যুইটিবিডি’র প্রধান সঞ্চালক রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।