এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু ২৭ মার্চ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে।
অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্যে দিয়ে এই আলোচনা শুরু করছে এনবিআর; যা চলবে ১২ মে পর্যন্ত।
মোট ১৮টি খাতের প্রতিনিধিদের সঙ্গে আগামী ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটের শুল্ক ও কর সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর।
বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকগুলো হবে রাজধানীর সেগুনবাগিচায়; বোর্ডের সভা কক্ষে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এসব আলোচনায় সভাপতিত্ব করবেন।
দেশের শিল্প বিকাশে বিভিন্ন খাতের প্রতিনিধিরা এসব আলোচনায় যেসব প্রস্তাব দেবেন, সেগুলো পর্যালোচনা করে বাজেটে অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এনবিআর প্রধান নজিবুর রহমান।
“জনকল্যাণমূলক, সুষম এবং জন-অংশীদারমূলক জাতীয় বাজেট প্রণয়নের উদ্দেশ্যে এসব আলোচনা হবে।”
৯ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আলোচনার পর ৩০ জুন তা পাস হবে।
আর নতুন অর্থবছর শুরু হবে পহেলা জুলাই থেকে।
এরই মধ্যে ২ মার্চ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন অর্থমন্ত্রী।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।
এনবিআরের তালিকা অনুযায়ী, ২৭ মার্চ দুপুর ২টায় অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে বাজেট আলোচনা শুরু হবে।
এদিন বাংলাদেশ অর্থনীতি সমিতি, ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান (বিআইডিএস), সেন্ট্রার ফর পলিসি ডায়লগ (সিপিডি), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি) সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ডাকা হয়েছে।
২৯ মার্চ সকাল ১১টায় হোটেল, রেস্টুরেন্ট, গেস্টহাউজ ও বিবিধ সেবা খাত, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন খাত এবং ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে সভা হবে।
৩০ মার্চ সকাল ১০টায় বৈঠক হবে নির্মাণ, ইট-বালু সিমেন্ট, লৌহ, সেনেটারি, হার্ডওয়ার, রিহ্যাব, ওষুধ, রাবার, প্লাস্টিক, বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প খাত এবং ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম, বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম বিভাগের ডিসিদের সঙ্গে মতবিনিময় হবে ৩১ মার্চ।
১৩ এপ্রিল সভা হবে বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে সভা হবে ১৭ এপ্রিল।
১৮ এপ্রিল হবে ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার্স অব কমার্স এবং প্রধান প্রধান ওমেন চেম্বার প্রতিনিধিদের সঙ্গে।
বন্ড ও সুবিধাবিহীন রপ্তানি খাত, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিপিজিইএ, পাট, বস্ত্র ও সুতা এবং বন্ডসুবিধা-সংক্রান্ত রপ্তানি (পোশাক, নিটওয়্যার, কম্পোজিট ও প্যাকেজিং) খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা হবে ১৯ এপ্রিল।
২০ এপ্রিল হবে খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও খুলনা বিভাগের ডিসিদের সঙ্গে।
বরিশাল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও বরিশাল বিভাগের সকল ডিসিদের সঙ্গে বৈঠক হবে ২১ এপ্রিল।
২৪ এপ্রিল হবে বাংলাদেশ সিগারেট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) প্রতিনিধিদের সঙ্গে।
কৃষি ও পোল্ট্রি, তেল, গ্যাস, খাদ্য ও পানীয়, কেমিক্যালস, পেইন্ট, বার্নিশ, চামড়া, কসমেটিকস, টয়লেট্রিজ ও জয়েলারি সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় হবে ২৫ এপ্রিল।
২৬ এপ্রিল ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আইসটি ও টেলিযোগাযোগ, অটোমোবাইল ও ট্রান্সপোর্ট খাত, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যাল ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা), বাংলাদেশ মটর সাইকেল এসেমব্লিয়ার্স ও ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে এনবিআর।
৫ মে সিলেট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগের সকল ডিসি।
৮ মে সকাল ১১টায়- আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা, লীজিং ও মার্চেন্ট ব্যাংক, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে সভা হবে।
সিঅ্যান্ডএফ, শিলিং, ফ্লেইট ফরওয়ার্ডিং, ট্রাক্স ল ইয়ার্স প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে ৯ মে।
১১ ও ১২ মে হবে রাজশাহী ও রংপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিভাগীয় কমিশনার এবং ওই দুই বিভাগের ডিসিদের সঙ্গে মতবিনিময়।
