২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে আমদানি কমেছে

বেনাপোল বন্দর দিয়ে আমদানি চলতি অর্থবছরের প্রথম সাত মাসে গেল বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭৬ শতাংশ কম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2016, 09:39 PM

Updated : 12 Apr 2022, 01:25 AM

হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে এ বন্দর দিয়ে ৫ লাখ ৯২ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যা আগের একই সময়ে ছিল ৬ লাখ ৮৭ হাজার।

রাজস্ব কর্মকর্তারা বলছেন, ‘শুল্ক ফাঁকির’ সুযোগ কমে যাওয়ায় ব্যবসায়ীরা পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। তবে ব্যবসায়ীরা আমদানি কমে যাওয়ার মূল কারণ হিসেবে বন্দরের অনিয়ম, দুর্নীতিকে দায়ী করছেন।

বেনাপোল শুল্কভবনের অতিরিক্ত কমিশনার ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন শুল্ক ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যে কারণে সুযোগসন্ধানীরা পণ্য আনছে না। এছাড়া উচ্চ শুল্কযুক্ত ১৩ হাজার মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে।”

শুধু বেনাপোলে নয় দেশের অন্যান্য বন্দরগুলোতেও পণ্য আমদানি কমেছে বলে জানান তিনি।

তবে যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দর থেকে আমদানি পণ্য চুরি, শুল্ক বিভাগের দুর্নীতি, হয়রানি ও ব্যাংকের উচ্চ সুদের হারসহ বিভিন্ন কারণে অনেক আমদানিকারক বেনাপোল ছেড়ে অন্য বন্দরে চলে গেছেন।”

বন্দর থেকে পণ্য চুরির অভিযোগ অস্বীকার করে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র বলেন, বন্দরে পণ্য চুরি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বন্দরে দুর্নীতি ও অনিয়মের পাশাপাশি ব্যবসায় মন্দা ও কৃষিপণ্যের ভালো ফলনের জন্য পণ্য আমদানি কমেছে বলে মনে করেন যশোর চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ন কবীর কবু।

আর বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক মহাসিন মিলন আমদানি কমার পেছনে পণ্য খালাস করতে দেরিকে দায়ী করেন।

তিনি বলেন, “শুল্ক বিভাগের হয়রানির কারণে পণ্য খালাস সময়মতো সম্ভব হয় না। তাই আমদানি-রপ্তানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন।”

পরিসংখ্যান তুলে ধরে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, বেনাপোল দিয়ে চলতি অর্থবছরের জুলাই মাসে আমদানি হয়েছে ৮৩ হাজার ২৯৭ দশমিক ৯৪ মেট্রিক টন পণ্য।

অগাস্টে ৯৮ হাজার ২৫১ দশমিক ৬৭ টন, সেপ্টেম্বরে ৭১ হাজার ৮৬৯ দশমিক ৯৬ মেট্রিক টন ও অক্টোবরে ৭৫ হাজার ৪৩৪ দশমিক ২৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে।

নভেম্বরে ৮১ হাজার ৩৮৯ দশমিক ৭০ মেট্রিক টন, ডিসেম্বরে ৯০ হাজার ৬০৬ দশমিক ৯৮ মেট্রিক টন ও জানুয়ারিতে ৯১ হাজার ৩৬৮ দশমিক ৪৪ মেট্রিক টন পন্য আমদানি হয়েছে।