২০১৫: পদ্মায় স্বপ্নপূরণ, কর্ণফুলী টানেলে অগ্রগতি
নতুন নামকরণের পর থেকে অনেকগুলো বড় অবকাঠামো নির্মাণের গতি ঠিক রাখার চ্যালেঞ্জ ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের।
প্রকল্পগুলোর অধিকাংশের অগ্রগতি তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। এর মধ্যে পদ্মা সেতুর মূলকাজের উদ্বোধন, মেট্রোরেলের অগ্রগতি, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণে ঠিকাদার নিয়োগ বেশ উল্লেখযোগ্য।
এছাড়া ঢাকা মহানগরীতে পাতালরেল আর ঢাকা-চট্রগ্রাম এক্সপ্রেসওয়ে’র সম্ভাব্যতা যাচাইও অবকাঠামো নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী ভাবনাকে প্রতিফলিত করেছে।
তবে ‘উন্নয়নের’ এ বিশালযজ্ঞও মাঝে মধ্যেই পথ হারিয়েছে। চলতি বছর সময় নির্ধারিত থাকলেও শেষ হয়নি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়কের চার লেইনের কাজ।
বাস্তবায়িত হয়নি মহাসড়ক থেকে অনুনমোদিত যানবাহন সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও। কমানো যায়নি সড়কে দুর্ঘটনার হার। কমেনি রাজধানী ও বড় বড় শহরের যানজটও।
পদ্মা সেতু
সংযোগ সড়ক নির্মাণ আর নদীশাসনের পর এ বছরের শেষ দিক থেকে শুরু হয়েছে পদ্মা সেতুর মূল কাজ। গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর মূল কাজের উদ্বোধন করেন।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর উদ্বোধনের পরপরই ৭ নম্বর পিলারের পাইলিংয়ের কাজ শুরু হয়। ছবি: সাইফুল ইসলাম কল্লোল
প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ের এই সেতু সড়কপথে দক্ষিণ জনপদের ২১ জেলাকে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করবে। বলা হচ্ছে, এই সেতু নির্মাণ হলে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়বে ১ দশমিক ২৩ শতাংশ, দারিদ্র্য কমবে শূন্য দশমিক ৮৪ শতাংশ হারে।
সেতু সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্য নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় এ প্রকল্পের ২৭ শতাংশের কাজ শেষ হয়েছে। এখন চলছে মূল সেতুর পাইলিং।
২০১৮’র মধ্যে সেতুটি যানবাহন ও ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে বলে তারা আশা করছেন।
মেট্রোরেল
বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের কাজও অনেকদূর এগিয়ে গেছে। শেষ হয়েছে প্রকল্প এলাকার বিভিন্ন স্থানে চালানো ভূ-তাত্ত্বিক জরিপ।
মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী বছর থেকে এ প্রকল্পের মূল কাজ শুরু হচ্ছে।
“আনুষঙ্গিক অনেক কাজের অগ্রগতি হয়েছে। এরই মধ্যে ২০ দশমিক এক কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে ভূ-তাত্বিক জরিপের কাজ শেষ হয়েছে।”
ফাইল ছবি
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালে মেট্রোরেল চালু হলে তা প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রীকে উত্তরা থেকে মিরপুর-ফার্মগেইট হয়ে মতিঝিল পৌঁছে দেবে। সময় লাগবে ৪০ মিনিটেরও কম।
প্রাথমিকভাবে চার মিনিট পরপর মোট ২৪ জোড়া মেট্রোরেল চলাচল করার কথা রয়েছে।
বছরের শেষ দিকে সংশোধিত এসটিপি’তে (স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান) রাজধানীর ৫ রুটে মেট্রোরেল চলার কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওই এসটিপি’তে ২টি বাস র্যাপিড ট্রানজিট, মহানগরী ঘিরে বৃত্তাকার ৩টি রিং রোড ও ৬টি এক্সপ্রেসওয়েরও প্রস্তাব করা হয় বলে মন্ত্রী জানিয়েছিলেন।
বছরের মাঝামাঝি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঢাকা-চট্টগ্রাম উড়াল সেতু এবং রাজধানীতে পাতাল রেলের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরুর কথাও জানিয়েছিলেন।
কর্ণফুলী টানেল
বছরের শেষ দিকে বন্দরনগরী চট্টগ্রামে ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ হয়েছে।
কর্ণফুলী নদীর দুই তীরকে যুক্ত করার এ ‘স্বপ্নের প্রকল্প’ বাস্তবায়নে কাজ করছে চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।
৬ হাজার ৪৭৮ কোটি টাকা ব্যয়ের এই টানেলের মাধ্যমে চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের মতো ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে গড়ে তোলা হবে বলে সরকারি তরফে বলা হচ্ছে। ২০২০ সালের মধ্যে টানেলটি খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে
ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান মহাসড়কের পাশাপাশি আরও একটি চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার, যার মাধ্যমে দুই থেকে আড়াই ঘণ্টায় রাজধানী থেকে বন্দরনগরীতে পৌঁছানো যাবে।
সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এই এক্সপ্রেসওয়ে’র প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শুরু হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পুরোপুরি এলিভেটেড করলে এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার। আর অ্যাট-গ্রেড (যেখানে দরকার উড়াল সেতু, যেখানে দরকার মাটিতে) করলে ব্যয় হবে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
নির্মাণ কাছে চীনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আগ্রহের কথাও শোনা যাচ্ছে।
হয়নি মহাসড়কে চার লেইন
কথা থাকলেও এ বছরের মধ্যে শেষ করা যায়নি ঢাকা-চট্টগ্রাম চার লেইনের কাজ। ২০১০ সালে শুরু করা প্রকল্পটি ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে দুইধাপ মেয়াদ বাড়িয়েও তা শেষ করা যায়নি।
চলতি বছরের নভেম্বরে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী চলতি বছরের ডিসেম্বর থেকে চার লেন খুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন।
যদিও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি।
ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক ইবনে হাসান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
আগামী বছরের জুনের মধ্যে বাকি কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ চার লেইন সড়কের কাজেরও।
২০১০ সালে নেওয়া এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালের ১ ফেব্রুয়ারি। ২০১৩ সালের জুনে তা শেষ হওয়ার কথা ছিল।
আগামী বছরের শুরুর দিকে এই কাজ শেষ হতে পারে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বছরের শেষ দিন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী জুন মাসের মধ্যে দুই মহাসড়কে চার লাইনে চলাচল শুরু হবে বলে তিনি আশাবাদী।
