জ্বালানি-যোগাযোগে আগ্রহ এডিবির
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি, যোগাযোগে সহায়তার আগ্রহ দেখিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাং।
তৃণমূলের উন্নয়ন, শিক্ষা, কৃষি এবং পয়ঃনিষ্কাশনে সহায়তার আগ্রহও তিনি দেখিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিবিআইএন অর্থনৈতিক সহযোগিতার আওতায় বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের আন্তঃআঞ্চলিক পাওয়ার গ্রিডে সহায়তার কথাও বলেন এডিবির ভাইস-প্রেসিডেন্ট।
বিবিআইএন চুক্তির কথা উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে মংলা বন্দর ও নিকটবর্তী বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার কথা প্রধানমন্ত্রী এসময় উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ভুটান ও নেপালে উৎপন্ন জলবিদ্যুৎ ব্যবহার করতে পারে।
বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহায়তার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে ট্রান্সশিপমেন্ট ও ট্রানজিটির অবকাঠামোর জন্য সহায়তার ইচ্ছাও প্রকাশ করেন ঝ্যাং।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আষের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্যমাত্রা অর্জন করবে বলেও আশাপ্রকাশ করেন এডিবির ভাইস-প্রেসিডেন্ট।
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সব সময়ে সহায়তার জন্য এডিবির কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
কৃষি জমি রক্ষায় গুচ্ছগ্রাম পরিকল্পনার উপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, তার সরকার ধনী-গরিবের বৈষম্য কমাতে কাজ করছে।
বেসরকারি উদ্যোক্তদের বাংলাদেশের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথাও বলেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন উপস্থিত ছিলেন।
