২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা চোরাচালানে ‘রুট’ বাংলাদেশ, উদ্বেগ 

বাংলাদেশ সোনা চোরাচালানের ‘রুট’ হয়ে উঠেছে দাবি করে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে এশিয়া প্যাসিফিক গ্রুপ -এপিজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

অর্থ পাচার রোধে কাজ করা ব্যাংককভিত্তিক আন্তর্জাতিক এই সংস্থার একটি প্রতিনিধি দল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানায়।

প্রায় দুই সপ্তাহ ঢাকা সফর করে এপিজি প্রতিনিধি দলটি এই মূল্যায়ন করে বলে অর্থমন্ত্রী নিজেই সাংবাদিকদের জানান।

গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দরে বিপুল পরিমাণ সোনা আটক হয়। এই সোনা বাইরে পাচারের লক্ষ্য ছিল বলে গোয়েন্দারাও দাবি করে আসছেন।

ঢাকার মিন্টো রোডের নিজের সরকারি বাড়িতে এপিজি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মুহিত বলেন, “সোনা চোরাচালানে আমরা একটা প্যাসেজ (পথ) হয়েছি, এটা সারা বিশ্ব থেকে বাংলাদেশ হয়ে ভারতে যায়। মধ্যপ্রাচ্য থেকেও বাংলাদেশ হয়ে যায়। সেখানে আমাদের একটু ঘাটতি আছে।

Image
বছর খানেকে এই রকম সোনার চালান ধরা পড়েছে বহু

বছর খানেকে এই রকম সোনার চালান ধরা পড়েছে বহু

“এখনও আমরা সোনা চোরাচালানটাকে সিরিয়াসলি ট্যাকল করছি না। বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিচ্ছে। আগামী বাজেটে আমরা সোনা চোরাচালানের দিকে কিছুটা নজর দিব।”

এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “তারা (এপিজি) বলেছে, আমাদের সক্ষমতা ভালোই আছে, প্রয়োজন হলে দেবে।”

এপিজির প্রতিনিধিরা বাংলাদেশের সরকারি ক্রয় নীতিমালা এবং ব্যাংক খাতের দুর্বলতা নিয়েও উদ্বেগ জানিয়েছে।

মুহিত বলেন, “সরকারি ক্রয় নিয়ে আমি তাদেরকে বলেছি, এটা নিয়ে আমাদের যে আইন রয়েছে, সেটা আমরা সংশোধনের ব্যবস্থা করছি। সেটা প্রস্তুতির পর্যায়ে রয়েছে।”

“অন্য যেটা করছি সেটা হল- এপিজির একটা গ্রুপ নভেম্বরে ঢাকায় আসছে। তাদের সঙ্গে আমাদের সংশ্লিষ্টরা কাজ করবে। আমিও তাদের সঙ্গে সম্ভবত শেষদিন দেখা করব।”

সরকারি ক্রয় ব্যবস্থাপনাকে স্বচ্ছ ও শক্তিশালী করতে চেষ্টা চলছে বলে অর্থমন্ত্রী জানান।

ব্যাংক খাতের দুর্বলতার বিষয়টি স্বীকার করে নিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমি এখনও জানি না, কীভাবে এটা অতিক্রম করব।

“এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা দরকার। এটা আমি করতে চাচ্ছি...। সেটা হলে দুই-এক মাসের মধ্যে আমি পাবলিক সেক্টর ব্যাংকিং নিয়ে স্টেটমেন্ট দিতে পারব।”

Image
আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

বেসরকারি ব্যাংক খাতে ‘দুর্বলতা’ তুলনামূলক কম বলে মুহিতের ভাষ্য।

মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা মূল্যায়ন করতে ১০ অক্টোবর এপিজির সাত সদস্যের প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। ২২ অক্টোবর তারা ঢাকা ছাড়বে।

তারা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, রাজস্ব বোর্ড, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অর্থ লেনদেনকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

এটি এপিজির তৃতীয় পর্যায়ের মূল্যায়ন। এর আগের মূল্যায়নে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে অগ্রগতি হওয়ায় বাংলাদেশকে গ্রে লিস্ট থেকে সাধারণ লিস্টে তুলে আনে এপিজি।

এই মূল্যায়ন ও র‌্যাংকিং কোন দেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। আন্তর্জাতিক লেনদেন ও তথ্য আদান প্রদানে এপিজির মূল্যায়ন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)বাংলাদেশে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের আইন, নীতিমালা বাস্তবায়নে কাজ করে, যা পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের জনবলের মাধ্যমে।

বাংলাদেশ অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কীভাবে কাজ করছে, তা পর্যবেক্ষণ করতেই এই প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে বলে জানান মুহিত।