২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানের বিবরণী জমা সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক বিবরণী জমা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 12:50 AM

Updated : 22 Aug 2022, 01:35 PM

এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক তথ্য (স্টেটমেন্ট অব অ্যাফেয়ার্স) প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে অর্থাৎ তিন মাস পরপর জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে।

একই সঙ্গে প্রতি মাসের তারল্যের (কী পরিমাণ বিনিয়োগযোগ্য তহবিল রয়েছে) বিবরণী শুধু অনলাইনে পাঠালে চলবে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে এক সার্কুলার জারি করে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, “আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মাসের তারল্যের বিবরণী হার্ড কপির পরিবর্তে আরআইটির মাধ্যমে অনলাইনে পাঠালে চলবে। পরবর্তী মাসের ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। আগামী নভেম্বর মাস থেকে অক্টোবর মাসের বিবরণী পাঠাতে হবে।”

প্রথম তিন মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বিবরণী ওয়েব পোর্টালের পাশাপাশি একটি প্রিন্টেড কপি আকারে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এতদিন প্রতি মাস শেষে সম্পত্তি, দায়, পরিচালন মুনাফাসহ বিভিন্ন তথ্য পরবর্তী মাসের ৭ দিনের মধ্যে পাঠাতে হতো। তবে এতো কম সময়ে এসব প্রস্তুত না হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে তারা ধারনা ভিত্তিক তথ্য দিত।”

এমন পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পক্ষ থেকে প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য নেওয়ার অনুরোধ করা হয় জানিয়ে তিনি বলেন, “তাদের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।”