২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের পর ২০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) মঙ্গলবারের সভায় পাঁচ বছর মেয়াদি (২০১৫-২০২০) উন্নয়ন দলিলের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নীত করতে প্রধানমন্ত্রী ২০২১-২০৪০ পর্যন্ত ২০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”

২০০৯ সালের ২৬ মে জাতীয় অর্থনৈতিক পরিষদে গৃহীত সিদ্ধান্তের আলোকে বাংলাদেশে প্রথম প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

চলমান প্রেক্ষিত পরিকল্পনার আওতায় ২০১১-১৫ মেয়াদে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে।

সংবাদ সম্মেলনে মুস্তফা কামাল বলেন, নতুন পরিকল্পনায় (সপ্তম পঞ্চবার্ষিক) পাঁচ বছর ধরে গড়ে ৭ দশমিক ৪ শতাংশ হারে মোট দেশজ আয় (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজনৈতিক হাঙ্গামা মাথায় রেখেই জিডিপি প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। না হলে ৯ থেকে ১০ শতাংশ ধরা হত।”

এই পরিকল্পনায় পাঁচ বছরে ১ কোটি ২৯ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্যহার কমিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।

এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য হল- ‘প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নাগরিকের ক্ষমতায়ন’।

পরিকল্পনামন্ত্রী বলেন, জনগণের আয় বণ্টন ব্যবস্থা উল্লেখযোগ্য হারে উন্নত করতে লক্ষ্য অর্জনের উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে অন্যতম কৌশল হবে দেশি ও বিদেশি বিনিয়োগে গতি আনা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে (বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট)  আমাদের অর্থনীতিকে স্থিতিশীল বলেছে। তবে তারা সবকিছু পজিটিভ বলে না। আমি বিশ্ব ব্যাংকে চাকরি করলে আমিও তাই বলতাম।”

ডিজিটাল প্রযুক্তির প্রসারের মাধ্যমে মূলধন ও শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানিমুখী বাণিজ্য ও শিল্পখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ এবং সবুজ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি টেকসই, সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ুসহিষ্ণু ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলাই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য।

“এবারের সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা বর্তমান ও ভবিষ্যৎ এর মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এটি প্রণয়ন করা হয়েছে,” বলেন মুস্তফা কামাল।

আগামী পাঁচ বছরের পরিকল্পনায় রপ্তানি আয় ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে ২০২০ সালে ৫৪ দশমিক ১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

সামাজিক সুরক্ষা খাতে ব্যয় জিডিপির ২ দশমিক ০২ ভাগ থেকে বাড়িয়ে ২০২০ সালে জিডিপির ২ দশমিক ৩০ ভাগে উন্নীত করা হবে।

এই পরিকল্পনা বাস্তবায়ন ব্যয় নিয়ে মন্ত্রী বলেন, ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রাক্কলন করা হয়েছে। মোট বিনিয়োগের ৭৭ দশমিক ৩ ভাগ আসবে বেসরকারি খাত থেকে। বাকি ২২ দশমিক ৭ ভাগ আসবে সরকারি খাত থেকে।

এই পরিকল্পনায় মূল্যস্ফীতি ২০২০ সালে ৫ দশমিক ৫ ভাগে কমিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। ২০২০ সাল নাগাদ রাজস্ব ও জিডিপির অনুপাত বর্তমানের ১০ দশমিক ৮ ভাগ থেকে বাড়িয়ে ১৬ দশমিক ১ ভাগে উন্নীত করার লক্ষ্যও ঠিক করা হয়েছে।

সংবা্দ সম্মেলনে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব মোহাম্মদ শফিকুল আজম, আইএমইডি সচিব মো. শহীদ উল্লা খন্দকার, সাধারণ অর্থনীতি বিভাগ সদস্য অধ্যাপক শামসুল আলম ও ভৌত অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।