২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চল

বিনিয়োগ আকর্ষণে চীনা উদ্যোক্তাদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ৭৭৪ একর জমির ওপর আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যার অবকাঠামো নির্মাণে ব্যয় হবে ৪২০ কোটি ৩৭ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 05:57 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আনোয়ারা-২ অর্থনৈতিক অঞ্চলের জন্য ভূমি অধিগ্রহণ (চায়নিজ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল) নামে এই প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৮০০ একক জমি অধিগ্রহণ ও উন্নয়ন করা হবে।

২০১৫ জুন থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কৃর্তৃপক্ষ (বেজা) এ প্রকল্প বাস্তবায়ন করবে।

“দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য সীমিত সম্পদ ব্যবহার করে শিল্পোন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ প্রয়োজন। চীনের জন্য এ অর্থনৈতিক অঞ্চলটি দেশের দারিদ্র্য বিমোচন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা রাখবে,” বলেন মন্ত্রী।

গত বছর জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী চট্টগ্রামে এই বিশেষ অর্থনেতিক ও শিল্প অঞ্চল স্থাপনের প্রস্তাব দেন। পরে এ বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

ওই সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী বন্দোবস্তের ভিত্তিতে জমি দেবে এবং চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠান ওই জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, বরাদ্দের ৯২ শতাংশ অর্থ ব্যয় করা হবে জমি অধিগ্রহণে। অর্থের যোগান দেওয়া হবে সরকারি তহবিল থেকে। জমি অধিগ্রহণের পাশাপাশি নিরাপত্তা শেড, গার্ড পোস্ট ও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।

সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে ২০১০ সালে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল আইন করা হয়। এর আওতায় আগামী ১৫ বছরে দেশে একশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে এক কোটি মানুষের কর্মসংস্থান এবং প্রতিবছর ৪০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করতে চায় সরকার।

ইতোমধ্যে মংলা ও ভেড়ামারায় ভারতীয় বিনিয়োগকারীদের জন্য দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের বিষয়েও সমঝোতা স্বারক সই হয়েছে। 

অনুমোদন পেয়েছে আরও ৬ প্রকল্প

মঙ্গলবারের বৈঠকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ হাজার ৩৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের সাতটি উন্নয়ন প্রকল্প চূড়ান্ত অনুমোদন পায়। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।

পরিকল্পনামন্ত্রী জানান, এই ব্যয়ের মধ্যে দুই হাজার ৯১৬ কোটি ৬০ লাখ টাকার যোগান দেবে সরকার। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে দুই হাজার ১২৩ কোটি ১৯ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ‘ডাবল লিফটিংয়ের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ সম্প্রসারণ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ৭৩ টাকা।

এর আওতায় ২৬ জেলার ৫৬ হাজার ৯৪৫ হেক্টর জমি সেচের আওতায় আসবে, যাতে বাড়তি এক লাখ ৭০ হাজার ৮৩৫ মেট্রিক টন খাদ্যশষ্য উৎপাদন সম্ভব হবে বলে সরকার আশা করছে। 

পল্লী অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘বৃহত্তর চট্টগ্রাম জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন’ (চট্টগ্রাম ও কক্সবাজার) প্রকল্পে বরাদ্দ হবে ৩৬৬ কোটি টাকা। চট্টগ্রামের ১৪ উপজেলায় সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, হাট-বাজারের ভৌত অবকাঠামো উন্নয়ন ও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে এ প্রকল্পে।  

‘দ্বিতীয় লোকাল গর্ভনেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২)’ প্রকল্পোর ব্যয় ৪৬ শতাংশ বাড়িয়ে একটি সংশোধনী প্রস্তাবও একনেকের অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের বরাদ্দ এক হাজার ৮১৭ কোটি ৭২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৯৪০ কাটি ৯১ লাখ টাকা।

এ প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকারের সেবার মান বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

সরকারের অনুমোদন পাওয়া ‘বনগাঁও-নুন্নী-হাতিপাগার সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৬৬ লাখ টাকা।

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলায় জামালপুর-শেরপুর-বনগাঁও আঞ্চলিক মহাড়কের সংস্কার হবে এই প্রকল্পের আওতায়।  

‘ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৮ কোটি ৩৩ লাখ টাকা। ডাক বিভাগের নিজস্ব পরিবহন সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের গাড়ি কেনা ও গ্যারেজ নির্মাণ করা হবে এই টাকায়।

এছাড়া ৫১ কোটি ৭৯ লাখ টাকায় পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশের চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণে একটি প্রকল্পে সরকার অনুমোদন দিয়েছে।