চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য ৭৭৪ একর জমি
চীনা বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৭৭৪ একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চট্টগ্রামের আনোয়ারায় এ বিপুল পরিমাণ জমি অধিগ্রহণে ৪২০ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে এ অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণসহ প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরাসরি প্রধামন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চীনকে এ শিল্পাঞ্চল বরাদ্দ দেওয়া হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের জন্য ‘আনোয়রা-২ অর্থনৈতিক অঞ্চলের জন্য ভূমি অধিগ্রহণ (চায়নিজ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল)’ শীর্ষক প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় উপস্থাপনের অপেক্ষায় থাকা কার্যপত্রে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জুনে চীন সফরের সময় চীনের প্রধানমন্ত্রী সেদেশের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে একটি বিশেষ অর্থনেতিক ও শিল্প অঞ্চল স্থাপনের প্রস্তাব করেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি সরবরাহের জন্য সম্মতি দেন বাংলাদেশের প্রধনমন্ত্রী। সে সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদি বন্দোবস্তের ভিত্তিতে জমি দিবে এবং চীন সরকারের মনোনীত প্রতিষ্ঠান ওই জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে।
গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে চীনা অর্থনেতিক অঞ্চলের জন্য ভূমি অধিগ্রহণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অর্থ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রকল্প প্রস্তাব (ডিপিপি) যাছাই-বাছাই শেষে পরিকল্পনা কমিশনের প্রকল্পের মূল্যায়ন কমিটির সভায় পাস হয়েছে। এবার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উত্থাপন করা হচ্ছে।
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, প্রকল্পের আওতায় ৯২ শতাংশ অর্থ ব্যয় করা হবে ৭৭৪ দশমিক ৪২ একর জমি অধিগ্রহণে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ৬৮ লাখ টাকা। অর্থের যোগান দেওয়া হবে সরকারি তহবিল থেকে। জমি অধিগ্রহণের পাশাপাশি নিরাপত্তা শেড, গার্ড পোস্ট ও সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।
অর্থনৈতিক অঞ্চল গড়ে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করার মাধ্যমে বহুমাত্রিক পণ্য উৎপাদনকারী শিল্প স্থাপন করা গেলে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের বড় ধরনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
