২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অধ্যায়ের পথে বাংলাদেশ: আতিউর

গত কয়েক বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় বাংলাদেশের অর্থনীতি একটি নতুন অধ্যায়ে পৌঁছাতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 12:46 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

লন্ডনে ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অ্যান্ড কমার্স (ইউকেবিসিসিআই) আয়োজিত এক সেমিনারে বক্তব্যে অচিরেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশের বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গভর্নর বলেন, “গত পাঁচ বছর বাংলাদেশে প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি ছিল। রাজনীতির পরিবেশ শান্ত থাকায় বাংলাদেশ নতুন অধ্যায়ে পৌঁছাতে যাচ্ছে। আগামীতে এটা ৭ শতাংশের বেশি হবে। অনেকেই মনে করেছিলেন রপ্তানি প্রবৃদ্ধি কমবে, কিন্ত তা ব্যাপকভাবে বেড়েছে।”

প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ যার দিকে নজর রাখতে হবে। এমন এক সময় আসবে যখন সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চাইবেন।

“এজন্য আমাদের অবকাঠামো গড়ে তুলতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ। এজন্য আমাদের সম্ভবত আরও বেশি করে এনার্জি, ইলেক্ট্রিসিটি ও সোলার এনার্জি প্রয়োজন। আমরা অবস্থা সৃষ্টি করব, আপনারা বিনিয়োগ নিয়ে আসুন।”

২৬ বিলিয়ন ডলার রিজার্ভ থাকায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান শক্ত-মন্তব্য করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “আমি এক/দুই বিলিয়ন ডলার এর থেকে ব্যয় করতে পারি। এ ব্যাপারে একটি পরীক্ষা চালানো যেতে পারে। এই ফান্ড বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো যেতে পারে।”

প্রবাসীদের বিনিয়োগ বাড়াতে শিগগিরই পাউন্ড স্টার্লিং বন্ড চালু হবে জানিয়ে গভর্নর বলেন, অফশোর বন্ড চালুর চিন্তা চলছে। কাজ চলবে ওয়েলথ বন্ড চালু বিষয়ে।

ভারত ও চীনে মুদ্রার অবমূল্যায়ন ঘটলেও টাকার ক্ষেত্রে তা ঘটার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন আতিউর।

বুধবারের ওই সেমিনারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আববার এ আনওয়ার বলেন, “আন্তর্জাতিক রেটিং এজেন্সির তথ্য অনুযায়ী বাংলাদেশের ক্রেডিট রেটিং ভালো।

“যেহেতু দেশের ম্যাক্রো ইকোনমি স্থিতিশীল, এক্সচেঞ্জ রেইট স্থিতিশীল, সে কারণে বিনিয়োগ নিরাপদ এবং ঝুঁকি কম।”

বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতির প্রশংসা করে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, “অনেক নিরাপদ। সব কিছু দ্রুত সম্পন্ন হয়। বাংলাদেশে এখন বিনিয়োগের শ্রেষ্ঠ সময়।”