২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা

সুদের হার গড়ে ২ শতাংশ কমানোর পর সঞ্চয়পত্রে বিনিয়োগে ভাটা পড়েছে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 09:43 AM

Updated : 26 Jul 2022, 12:04 PM

সর্বশেষ তথ্যে দেখা যায়, গত জুন মাসে নিট দুই হাজার ১৭০ কোটি ২২ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, আগের মাসে যার পরিমাণ ছিল দুই হাজার ৪৩৪ কোটি টাকা।

তার আগের দুই মাস মার্চ ও এপ্রিলে বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে দুই হাজার ৯৪৪ কোটি ৪১ লাখ এবং দুই হাজার ৯০১ কোটি টাকা।

পাঁচ বছর মেয়াদি এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে আগে যেখানে মাসে এক হাজার ৭০ টাকা মুনাফা পাওয়া যেত, সুদের হার কমানোয় এখন পাওয়া যাচ্ছে ৯৬০ টাকা।

সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়ায় ঋণের ভার কমাতে ২৩ মে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার প্রায় ২ শতাংশ করে কমায় সরকার। তবে ওই সময়ের আগে যারা সঞ্চয়পত্র কিনেছিলেন, তারা আগের সুদেই মুনাফা পাবেন বলে জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানায়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থবছরে মোট ২৮ হাজার ৭৩৩ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।

২০১৩-১৪ অর্থবছরে বিক্রি হয়েছিল ১১ হাজার ৭০৭ কোটি টাকা। তার আগে ২০১২-১৩ অর্থবছরে নিট বিক্রির পরিমাণ ছিল মাত্র মাত্র ৭৭৩ কোটি টাকা।

বাজেট ঘাটতি মেটাতে ২০১৪-১৫ অর্থবছরের শুরুতে সরকার সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ৯ হাজার ৫৬ কোটি টাকা ধার করার লক্ষ্য ঠিক করেছিল। কিন্তু বিক্রি বেড়ে যাওয়ায় সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২১ হাজার কোটি টাকা করা হয়। অর্থবছর শেষে তার চেয়েও সাত হজার ৭৩২ কোটি টাকা বেশি ধার হয় সরকারের।

চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার কোটি টাকা ঋণ করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্রি ক্রমাগত বাড়তে থাকায় ঋণের বোঝা কমাতে সরকার বাধ্য হয়েই সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে।

“সে কারণেই বিক্রি কমছে। তবে ব্যাংকের আমানতের চেয়ে সঞ্চয়পত্রে সুদ এখনও বেশি। ফলে বিক্রি কমলেও সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলা যাবে না।”

এতদিন পাঁচ বছর মেয়াদি পরিবার ও পেনশনার সঞ্চয়পত্র কিনলে ১৩ দশমিক ৪৫ ও ১৩ দশমিক ২৬ শতাংশ হারে সুদ দেওয়া হত।

কিন্তু সুদের হার কমানোর পর এখন কেউ পাঁচ বছর মেয়াদি পারিবারিক সঞ্চয়পত্র কিনলে ১১ দশমিক ৫২ শতাংশ হারে সুদ পাবেন। আর পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার ১১ দশমিক ৭৬ শতাংশ হয়েছে।

৩ বছর মেয়াদি ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১২ দশমিক ৫৯ শতাংশ থেকে কমিয়ে সুদ হার ঠিক করা হয়েছে ১১ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রের ক্ষেত্রে সুদ হার ১৩ দশমিক ২৪ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ২৮ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে ১৩ দশমিক ১৯ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ২৮ শতাংশ করা হয়েছে।

প্রতিদিন যে টাকার সঞ্চয়পত্র বিক্রি হয় তা থেকে আগের কেনা সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধের পর যেটা অবশিষ্ট থাকে সেটাকেই নিট বিক্রি বলে হিসাব করা হয়।