কৃষকদের হাতে ডেবিট কার্ড চান গভর্নর
ক্যাশবিহীন লেনদেন কার্যক্রমের প্রসার ঘটাতে ১০ টাকার ব্যাংক হিসাবধারী কৃষকদের হাতে ডেবিট কার্ড পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন গর্ভনর আতিউর রহমান।
বুধবার ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এর আওতায় আন্তঃব্যাংক পয়েন্ট অব সেল (পস) মেশিনের লেনদেন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংক নির্বাহীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে গভর্নর বলেন, “১০ টাকার হিসাবধারীদের হাতে ডেবিট কার্ড পৌছে দিতে পারলে নগদ টাকার পরিবর্তে কৃষকরাও কার্ড দিয়ে কেনাকাটার সুযোগ পাবে।”
দেশে বর্তমানে ৮ লাখ স্কুল শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে। তাদের হাতেও ডেবিট কার্ড পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন গর্ভনর।
“স্কুল ব্যাংকিং হিসাবধারীদের হাতে ডেবিট কার্ড দিতে পারলে তারাও নগদ টাকার পরিবর্তে কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে।”
আতিউর রহমান বলেন, “আমি সেই দিনের স্বপ্ন দেখছি। যেদিন মোবাইলই হবে মানুষের ডেবিট কার্ড। টাকা না নিয়ে বাজারে গিয়ে লেনদেনের পেমেন্ট করতে পারবে মোবাইল থেকে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহা. রাজি হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী, সিটি ব্যাংকের প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন, ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কে শামসী তাবরেজ, আইটিসিএল’র এমডি কাজী সাইফুদ্দিন মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এটিএম, পস, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের আন্তঃব্যাংক লেনদেনগুলোর ক্লিয়ারিং ও সেটেলমেন্টের জন্য এনপিএসবি একটি কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। একই সঙ্গে এনপিএসবি বেসরকারি উদ্যোগে স্থাপিত বিভিন্ন অংশীদারী সুইসগুলোর মধ্যেও সেতুবন্ধন রচনা করেছে।
কার্ড ভিত্তিক ইলেক্ট্রনিক লেনদেন সম্প্রসারণের ক্ষেত্রে এনপিএসবি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা দেশে ই-কমার্স সম্প্রসারণের অনুঘটক হিসেবে কাজ করবে। এনপিএসবি সেবার সফল বিস্তারের মাধ্যমে কাগুজে লেনদেনের তুলনায় সাশ্রয়ী, ও দ্রুত ও নিরাপত্তার সাথে লেনদেন সম্পাদন করা সম্ভব হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
