২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাজারে শাক-সবজির দাম বেড়েছে

ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা ঢাকায় মাছ-মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে শাক-সবজির দাম। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 07:12 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃষ্টি এবং সরবরাহ কম থাকায় শাক-সবজির দর ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার গোপীবাগ, ফকিরেরপুল, মালিবাগ, কারওয়ান বাজার ও মহাখালী বাজার ঘুরে দেখা গেছে, অনেক সবজির দোকানই এখনও খোলেনি।

রোজায় চাহিদার কারণে দর বেড়ে যাওয়া বেগুন এখনও ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মিষ্টি কুমড়া ২৫ থেকে ৩০ টাকা প্রতিটি, ঝিংগা প্রতি কেজি ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, কাঁচা পেপে ৩০ টাকা, কচুর লতি ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, চিচিংগা ৪০ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, উচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ টাকা, লাল শাক ১০ টাকা আটি, পুঁই শাক ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

শশা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে, আলুর দর ২৫ টাকা।   

বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঈদের এক সপ্তাহ আগে থেকেই এই পণ্যটি চড়া দামে বিক্রি হচ্ছে।   

ফকিরেরপুলের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “কাস্টমার নেই। আবার আড়তে মালও নেই। ঈদের কারণে অনেক ফড়িয়া মাল নিয়ে আসছে না। বৃষ্টির কারণেও অনেক সমস্যা হচ্ছে।”

পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে কারওয়ান বাজারের আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমায় দেশি পেঁয়াজের দাম বেড়েছে।

“পাইকারি বাজারে যান দেখেন পাল্লা ২২০ টাকা বিক্রি হচ্ছে। তাহলে আমরা কত বেচব” প্রশ্ন করেন তিনি।  

কারওয়ান বাজারের আড়তদার মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে ও পরে এক সপ্তাহ সবজির সরবরাহ কমে যায়। রাস্তার যানজট, ব্যবসায়ীদের ঈদ ব্যস্ততা ইত্যাদি কারণে সরবরাহ কমে আসে।

সেই সঙ্গে এবার বৃষ্টির কারণে সরবরাহ আরও কমে যাওয়ায় দর কিছুটা বেড়ে গেছে, বলেন তিনি।

রাজধানীর বাজারগুলোতে ঈদের আগে মুরগি, গরু ও খাসির মাংসের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছিল; এখনও সেই দামেই বিকোতে দেখা যাচ্ছে।

ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে এই দাম ১৮০ টাকা পর্যন্ত উঠেছে। কক জাতের মুরগির দামও প্রতিটিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

গরুর মাংস বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। আর খাসির মাংস ৫০ থেকে ১০০ টাকা বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির ডিম প্রতি হালি ৩২ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে যার দাম ছিল ২৮ টাকা।