২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি ঋণ: এক যুগে শোধ ১ লাখ ২১ হাজার কোটি টাকা

অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, এই বিদেশি ঋণের আসল পরিশোধ করা হয়েছে ৯৪ হাজার ৬৮০ কোটি টাকা, বাকিটা সুদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 11:20 PM

Updated : 31 Aug 2022, 11:20 PM

সরকার গত ১২ বছরে সুদসহ প্রায় ১ লাখ ২১ হাজার কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে উপস্থাপন করা নোয়াখালী ৩ এর সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরের ঋণ পরিশোধের পরিসংখ্যান তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাকে ১ লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা এবং সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করা হয়।

চট্টগ্রাম ৪ আসনের এমপি দিদারুল আলমের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, “নগদ অর্থ এক গ্রাহকের কাছ থেকে অন্য গ্রাহককে পৌঁছে দেওয়ার সেবা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর এখতিয়ারভুক্ত নয়। তবে অনলাইন কেনাকাটায় কুরিয়ার কোম্পানি পণ্য ডেলিভারি ও ওই পণ্যের মূল্য সংগ্রহ করে পণ্য বা সেবা প্রদানকারীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি বিশ্বব্যাপী প্রচলিত রয়েছে।

“এ ধরনের সেবার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি গাইডলাইন রয়েছে।”

চট্টগ্রাম ১১ আসনের এমপি এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা তিন কোটি ৩০ লাখ ৬৫২টি। সবচেয়ে বেশি অডিট আপত্তি রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। এ বিভাগের অডিট আপত্তির সংখ্যা ৪৮ হাজার ২৫৮টি। সব চেয়ে কম অডিট আপত্তি রয়েছে আইন কমিশনের ৯টি।

ময়মনসিংহ ১১ আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার জানান, চারটি মোবাইল অপারেটেরের গ্রাহক ১৮ কোটি ৪০ লাখ। এসব অপারেটরের মোট সিম সংখ্যা ৩০ কোটি ৯৯ লাখ।

এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪০ লাখ, সিম সংখ্যা ১১ কোটি ১৪ লাখ; রবির গ্রাহক ৫ কোটি ৪৮ লাখ, সিম সংখ্যা ১০ কোটি ২৬ লাখ; বাংলা লিংকের গ্রাহক ৩ কোটি ৮৫ লাখ, সিম সংখ্যা ৮ কোটি ২৬ লাখ এবং টেলিটকের গ্রাহক ৬৭ লাখ ১০ হাজার, সিম সংখ্যা এক কোটি ৩৩ লাখ।