সিঙ্গেল উইন্ডো: এনবিআর ও পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এমওইউ
আমদানি ও রপ্তানি পণ্যের চালান শুল্কায়নের ক্ষেত্রে ১৯টি সংস্থার দেওয়া সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে দাখিল করা যায়।
আমদানি ও রপ্তানির প্রক্রিয়া সহজ করতে শুল্ক বিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনে পেতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করেছে।
রোববার এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) সিস্টেম ব্যবহারের বিষয়ে দুই সংস্থার মধ্যে স্মারক সই হওয়ার তথ্য দিয়েছে।
সেখানে বলা হয়, বিএসডব্লিউ সিস্টেমের সাথে ‘সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পাদনের’ লক্ষ্যে রোববার এনবিআর ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
ইতোমধ্যে এনবিআরের সঙ্গে ৩৮টি দপ্তর বা সংস্থা বা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে বলেও সেখানে তুলে ধরা হয়।
আমদানি ও রপ্তানি পণ্যের চালান শুল্কায়নের ক্ষেত্রে ১৯টি সংস্থার দেওয়া সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে দাখিল করা যায়; অর্থবছরের প্রথম দিন থেকে এসব সংস্থার থেকে (সিএলপি) অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর বলছে, অনলাইনে সেবা নেওয়ার কারণে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমবে এবং দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।
এ দিন পর্যন্ত বিএসডব্লিউয়ের মাধ্যমে ৪ লাখ ৩১ হাজার ১৬৯টি সিএলপি ইস্যু করা হয়েছে। এসব করতে গিয়ে ৮৫ দশমিক ৩০ শতাংশ ক্ষেত্রে এক ঘণ্টার কম সময় লাগছে এবং ৯৪ দশমিক ১৪ শতাংশ ক্ষেত্রে এক দিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে।
প্রথমে সাত সংস্থা নিয়ে এ ব্যবস্থা চালু হলেও এখন ১৯টি সংস্থা এর সঙ্গে যুক্ত হয়েছে।
এগুলোর মধ্যে আছে- পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিস্ফোরক অধিদপ্তর, বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিকেল উইপনস কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ।
এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, উদ্ভিদ সংগনিরোধ উইং, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর রয়েছে এর মধ্যে।
এসব প্রতিষ্ঠান ইতোমধ্যে বিএসডব্লিউয়ের মাধ্যমে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ উদ্যোগ বাস্তবায়নে আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত সকল অংশীজনের সহযোগিতা চেয়ে এনবিআর বলছে, যে কোনো প্রয়োজনে কল সেন্টারে (Hotline: 16139) ফোন করে এবং ওয়েবসাইট (www.bswnbr.gov.bd) থেকে বিএসডব্লিউ সংক্রান্ত সকল সেবা নেওয়া যাবে।
