২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ঘটনাক্রম ঋণ কর্মসূচিতে কী প্রভাব ফেলেছে, পর্যবেক্ষণ করছে বিশ্ব ব্যাংক

“বাংলাদেশের জনগণের উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন বিশ্ব ব্যাংকের এক মুখপাত্র।

বাংলাদেশের ঘটনাক্রম ঋণ কর্মসূচিতে কী প্রভাব ফেলেছে, পর্যবেক্ষণ করছে বিশ্ব ব্যাংক
ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 05:55 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে ঋণ কর্মসূচির ওপর কী প্রভাব পড়েছে, তার মূল্যায়ন করছে বিশ্ব ব্যাংক।

বৈশ্বিক এ আর্থিক প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সোমবার বলেছেন, “গত কয়েক সপ্তাহে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। আশা করছি দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে।

“উদ্ভূত পরিস্থিতি বিশ্ব ব্যাংক গ্রুপ প্রোগ্রামের ওপর কী প্রভাব ফেলেছে, তা মূল্যায়ন করছি। সেইসঙ্গে বাংলাদেশের জনগণের উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

গেল জুলাই মাস থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন পরে রূপ নেয় সরকার পতনের এক দফার গণআন্দোলনে। টানা ৩৬ দিনের তুমুল আন্দোলন, সংঘাত আর তিন শতাধিক মানুষের প্রাণহানির পর সোমবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।

 ক্ষমতাসীন সরকারের পতনের খবরের পর থেকে সারা দেশে ব্যাপক হামলা, ভাঙচুর, সংঘর্ষ আর অগ্নিসংযোগে অনেক প্রাণহানির খবর আসছে।

শেখ হাসিনার দেশত্যাগের দিনই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ বিএনপি ও অন্যান্য দলগুলোর প্রতিনিধিরা। 

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য মঙ্গলবার সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সরকার গঠনের পর তিন মাসের মধ্যে হবে নির্বাচন।

রয়টার্স লিখেছে, কয়েক সপ্তাহ ধরে চলা এই পরিস্থিতি এখন মূল্যায়ন করছে বিশ্ব ব্যাংক। গত জুন মাসে বিশ্ব ব্যাংক রাজস্ব ও আর্থিক খাতের নীতিগুলি শক্তিশালী করতে এবং টেকসই ও জলবায়ু প্রতিরোধী প্রবৃদ্ধি নিশ্চিত করে নগর অবকাঠামো উন্নয়নে ৯০০ মিলিয়ন ডলারের দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগী হিসেবে সহযোগিতা করে আসছে বিশ্ব ব্যাংক। তখন থেকে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশে বিশ্ব ব্যাংক অনুদান ও সুদবিহীন ঋণ হিসেবে ৪১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বিশ্বব্যাং কের ওয়েবসাইটে বলা হয়েছে, গেল জুন মাসে শেষ হওয়া ২০২৪ অর্থবছরে বাংলাদেশকে ২ দশমিক ৮৫ ডলার দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিশ্ব ব্যাংক গ্রুপের।