২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যার কথা শুনতে প্রতি মাসে অংশীজনদের সঙ্গে বসবে এনবিআর

সারাবছর কেন এনবিআরের সঙ্গে আলোচনা করা যায় না, সমস্যার কথা বলতে চাইলে দপ্তরে দপ্তরে ঘুরতে হয়, তা নিয়ে এক ধরনের সমালোচনা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

দেশের ব্যবসা-বাণিজ্য সহজ করার পাশাপাশি সুযোগ-সুবিধা বাড়াতে ব্যবসায়ী, সরকারি-বেসরকারি খাতের অংশীজনের সঙ্গে প্রতিমাসে ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

প্রতি মাসের দ্বিতীয় বুধবার এই আয়োজনে ব্যবসায়ীদের যারা অংশ নিতে চান, এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের তথ্য চেয়েছে কর আদায়ের সর্বোচ্চ সংস্থাটি।

আগে বিশেষ অবস্থার প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানকে চিঠির মাধ্যমে সময় চাওয়া হলে বা সংস্থা থেকে কোনো এক বা একাধিক খাতের ব্যবসায়ীদের ডাকা হলে এ ধরনের আয়োজন হত। এছাড়া সাধারণত বাজেটের আগে খাত সংশ্লিষ্টদের সঙ্গে দেড়-দুই মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনা করত এনবিআর।

তবে সারাবছর কেন এনবিআরের সঙ্গে আলোচনা করা যায় না, সমস্যার কথা বলতে চাইলে দপ্তরে দপ্তরে ঘুরতে হয়, তা নিয়ে এক ধরনের সমালোচনা ছিল।

তারই ধারাবাহিকতায় প্রতি মাসে একটি বিশেষ আয়োজন করে ব্যবসায়ীদের মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা শোনা এবং তা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতেই নিয়মিত আলোচনা করার সিদ্ধান্ত এল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার জাতীয় রাজস্ব বোর্ড সকল অংশীজনের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে।

“এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠ পর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের কাছে উপস্থাপন করতে পারবেন। এতে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।”

আগামী বুধবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে চলতি মাসের সভাটি হবে। সেজন্য সভায় অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের তথ্য চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। 

সরকারি-বেসরকারি খাতের ৯৯টি সংগঠনের প্রধানকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে এফবিসিসিআই, এমসিসিআই, বিসিআই, এফআইসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও রয়েছে।