এবার পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক প্রতিমন্ত্রী পলক বা তার স্ত্রীকে আর জনসম্মুখে দেখা যায়নি।
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।
মঙ্গলবার বিএফআইইউ ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়ে বলেছে, একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট এবং মালিকানাধীন সব প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও অবরুদ্ধের তালিকায় থাকবে।
২০১২ সালের অর্থপাচার প্রতিরোধ আইন অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএফআইইউ বলেছে, কোনো হিসাব স্থগিতের নির্দেশনা দেওয়ার পর হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।
লেনদেন অবরুদ্ধে করার এই নির্দেশের ক্ষেত্রে অর্থপাচার প্রতিরোধ বিধিমালা ২০১৯-এর ২৬(২) ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীকে আর জনসম্মুখে দেখা যায়নি।
তবে ৬ অগাস্ট দেশত্যাগের চেষ্টার সময় পলককে শাহজালাল বিমানবন্দর আটকে দেওয়ার খবর আসে। সেদিন দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন।
সেখানে কর্মরত একটি সরকারি সংস্থার এক কর্মকর্তা বলেন, “দুপুরের পর মাস্ক পরে পলক বহির্গমন টার্মিনালে ঢুকলে বিমানবন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটকে দেয়। এরপর তাকে একটি লাউঞ্জে আটকে সরকারের আরেকটি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।”
এর আগে সোমবার সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয় বিএফআইইউ।
একই দিন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ।
এর আগে রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
৫ অগাস্টের পর আওয়ামী লীগের এই নেতাদের কাউকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
