Published : 05 May 2026, 05:18 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানে কাছে ২০২১-২২ অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই অডিট রিপোর্ট পেশ করা হয় বলে তার প্রেস সচিব সালেহ শিবলী জানান।
তিনি বলেন, “সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টে (কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট) ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ, সুপারিশ সংক্রান্ত তথ্য মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।”
অডিট রিপোর্ট পেশের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
সংবিধানের ১২৮(১) নম্বর অনুচ্ছেদ এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪ এর ধারা ৫ অনুযায়ী অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরমেন্স অডিট রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপনের আগে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) প্রধানমন্ত্রীর কাছে পেশ করলেন।
প্রধানমন্ত্রী এ সময় জনগণকে বিভিন্ন সেবা দেওয়ার উদ্দেশ্যে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে এবং সরকারের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বলে প্রেস সচিব জানান।