Published : 28 Apr 2026, 10:15 PM
দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দিতে জাতীয় সংসদে দুটি সংশোধনী বিল উঠেছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল দুটি উপস্থাপন করেন।
প্রথম বিলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা তুলে ‘বিএসইসি আইন, ১৯৯৩’ এর সংশোধনের প্রস্তাব করা হয়।
অপরদিকে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এর চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছর বয়সসীমা সংক্রান্ত ‘অযোগ্যতার বিধান’ বিলুপ্ত করে ‘আইডিআরএ আইন, ২০১০’ সংশোধনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পুঁজিবাজার ও বীমা খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন’ ব্যক্তিকে দায়িত্ব দিতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।
সংসদে উত্থাপনের পর বিল দুটি পরীক্ষার জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এক দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে বিল দুটি উত্থাপনের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আইন প্রণয়ন কার্যাবলীর মধ্যে একটু ব্যত্যয় হয়েছে।
“মাননীয় অর্থমন্ত্রী যে বিলটা উত্থাপন করেছেন, এটা যদি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করতে হয়, তো সেটা অন্য সিস্টেম। কিন্তু এখন একটা বিশেষ কমিটি আমাদের আছে, যেহেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হয়নি। বিল দুটি বিশেষ কমিটিতে পাঠালে তা সংসদের সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এবং প্রতিবেদন এলে পাসের জন্য প্রস্তাব করা যাবে।”
এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করতে বলেন।
পরে উভয় বিল বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়।
বিএসইসি আইন সংশোধন বিল বিষয়ে এক দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানোর পর জামায়াতের ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সময় নিয়ে আপত্তি তোলেন।
তিনি বলেন, “আজ যদি বিশেষ কমিটির বৈঠক ডাকেন, আজকে তো এত স্বল্প নোটিসে বিশেষ কমিটি কখন বসবে? এটার ব্যাপারে কাগজ সরবরাহ করা হয়নি। এটা কখন পর্যালোচনা করবে, কালকের মধ্যে রিপোর্ট দেওয়া তো একটা অসম্ভব বিষয়।”
তিনি আরেক দিন সময় দেওয়ার প্রস্তাব করেন।
জবাবে অর্থমন্ত্রী বলেন, “এটা যখন কালকে উত্থাপিত হবে, উনাদের বক্তব্য রাখার সুযোগ থাকবে।”
বিএসইসি আইনে কী পরিবর্তন আসছে
বিএসইসি সংশোধন বিল, ২০২৬ এ বিদ্যমান আইনের ৫ ধারার উপধারা ৬ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বিদ্যমান আইনে কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা নিয়োগের তারিখ থেকে চার বছরের জন্য পদে বহাল থাকেন এবং অনুরূপ আরেকটি মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হন।
তবে ওই ধারার শর্তাংশে বলা আছে, কোনো ব্যক্তির বয়স ৬৫ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগের যোগ্য হবেন না বা ওই পদে বহাল থাকবেন না।
সংসদে উত্থাপিত বিলে এই শর্ত বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বিলটি পাস হলে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগ বা পদে বহাল থাকার ক্ষেত্রে ৬৫ বছরের বয়সসীমা আর থাকবে না।
বীমা কর্তৃপক্ষ আইনে কী পরিবর্তন
আইডিআরএ সংশোধন বিল, ২০২৬ এ বিদ্যমান আইনের ৭ ধারার উপধারা ৩ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
আইডিআরএ আইন, ২০১০ এর ধারা ৭ এ চেয়ারম্যান এবং সদস্য হওয়ার ‘যোগ্যতা ও অযোগ্যতার’ বিধান রয়েছে।
বিদ্যমান আইনের ধারা ৭ এর উপধারা ৩ এর দফা ছ-এ বলা আছে, কোনো ব্যক্তির বয়স ৬৭ বছর পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা সদস্য হওয়ার যোগ্য থাকবেন না।
সংসদে উত্থাপিত বিলে এই ‘ছ দফা’ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে।
বিলে বলা হয়েছে, ধারা ৭ এর উপধারা ৩ এর দফা ‘ঙ’ এর শেষে থাকা সেমিকোলনের পর ‘বা’ শব্দ বসবে। দফা ‘চ’ এ থাকা ‘; বা’ এর পরিবর্তে দাঁড়ি বসবে এবং দফা ‘ছ’ বিলুপ্ত হবে।
এর ফলে আইডিআরএ-তে চেয়ারম্যান ও সদস্য পদে ৬৭ বছরের বয়সসীমা বিলুপ্ত হবে।