১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জ্বালানি, কৃষি ও সুনীল অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ চায় সরকার: শামা ওবায়েদ

ক্রীড়া ও সংস্কৃতি খাতে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টার কথা তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 09:10 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

জ্বালানি, কৃষি ও সুনীল অর্থনীতিসহ কয়েকটি খাতকে অগ্রাধিকার দিয়ে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ বিষয়ক এক সংলাপ শেষে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের বিষয়ে প্রশ্নে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, “বিনিয়োগের কথা যখন আমরা বলি, তখন এখানে জ্বালানি বিশেষ খাত। তৈরি পোশাক, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পেও বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে আমরা যখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি, সেখানে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদে শিল্প, আমাদের কৃষ্টি-কালচার এখানেও কিন্তু অর্থনৈতিক বিনিয়োগের একটা একটা বিশাল সুযোগ আমরা তৈরি করার চেষ্টা করছি।”

ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতিকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, “ব্লু ইকোনমি আমাদের অন্যতম অগ্রাধিকার। এখানে বিভিন্ন ইউরোপীয় দেশ বিনিয়োগ করতে চাচ্ছে। এটার অনেক সুযোগও আছে বাংলাদেশে। সেগুলো নিয়ে কথা হচ্ছে।”

ক্রীড়া, সংস্কৃতি খাতেও বিদেশি বিনিয়োগের চেষ্টার কথা তুলে ধরে ক্রীড়া কূটনীতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে দাবি করেন তিনি। 

বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ বিষয়ক সংলাপ আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা প্রতিমন্ত্রী বলেন, “সব জনগোষ্ঠীকে উন্নয়নের অংশীদার করতে হয়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বহুমুখীকরণ এবং নতুন নতুন বাজার খোঁজার কাজ করছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়ে এটাকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও তথ্য প্রযুক্তি অনুবিভাগের আয়োজনে এই সংলাপে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ বাণিজ্যিক অংশীদার, বিভিন্ন কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।