ডাকসু নির্বাচন ‘ভন্ডুলের চেষ্টা’ করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
“নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া সকল নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত,” এ বিষয়ক এক সভায় বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিবার্চন ‘ভন্ডুল করার চেষ্টা’ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেছেন, “নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া সকল নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত। যারা ডাকসু নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সোমবার ডাকসু নির্বাচন স্থগিত করে হাই কোর্টের আদেশ এবং ঘণ্টাখানেকের মধ্যে আপিল বিভাগে আটকে যাওয়ার ঘটনার মধ্যে নির্বাচনের ‘সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সভার বিষয়ে জানায় ডিএমপি।
ডিএমপি সদর দপ্তরে এ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, “ডাকসু নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলে মিলে কাজ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম হব।”
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, সহযোগী রিটার্নিং অফিসাররা, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সোমবার একটি রিটের প্রেক্ষিতে হাই কোর্ট শুনানি নিয়ে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করে এবং আদেশের ১৫ দিনের মধ্যে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি ট্রাইব্যুনালকে।
উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে এক ঘণ্টার ব্যবধানেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, চেম্বার আদালতের এই অন্তর্বর্তী আদেশের ফলে ডাকসু নির্বাচন প্রক্রিয়া চলতে কোনো বাধা থাকল না।
