চট্টগ্রামে অটোরিকশা চালক খুন
পুলিশ বলছে, ‘পুরনো বিরোধের জেরে’ এই হত্যাকাণ্ড
চট্টগ্রামের খুলশী ঝাউতলা এলাকায় ছুরি মেরে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে ঝাউতলা রেল স্টেশন এলাকায় দুই পক্ষের মারামারির এক পর্যায়ে ওই চালক খুন হন।
নিহত মোহাম্মদ বেলাল (৪০) ওরফে লম্বু বেলাল পেশায় অটোরিকশা চালক। ওই এলাকাতেই তিনি থাকতেন।
খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরনো বিরোধের জেরে দুই পক্ষ নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়ায়। এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বেলাল।”
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
