চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ‘সাদাকালো’ মঙ্গল শোভাযাত্রা
সাদাকালো রঙ ব্যবহার করে বিভিন্ন মুখোশ ও মোটিফ বানিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।
মূল ক্যাম্পাসে ফেরার দাবি নিয়ে আন্দোলনের মুখে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পহেলা বৈশাখে আয়োজন করেছে এক ব্যতিক্রমী মঙ্গল শোভাযাত্রা।
একদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে অবকাঠামো সংস্কারে প্রায় দুই মাস ধরে বন্ধ চারুকলা ইনস্টিটিউট, অন্যদিকে পহেলা বৈশাখে প্রতিবছরের মত এবার বর্ষবরণ আয়োজনের অনুমতিও তাদের মেলেনি।
এর প্রতিবাদেই বাহারি রঙ পরিহার করে কেবল সাদাকালো রঙের ব্যবহার করে বিভিন্ন মুখোশ ও পুতুল বানিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে চারুকলার শিক্ষার্থীরা জানান। ‘জন্ম গন্ধ বুকে লইয়া নিঃশ্বাসে খুঁজি তোমার নাম’ স্লোগানে তারা এই আয়োজন করেছে।
জানতে চাইলে চারুকলার স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মোহাম্মদ শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জন্ম গন্ধ বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা বিভাগের জন্ম হয়েছিল, আমরা সেই জন্ম গন্ধটার কাছেই ফিরে যেতে চাই।”
শিক্ষার্থীদের নিজেদের অর্থায়নে তৈরি সাদাকালো মুখোশ ও মোটিফ নিয়ে নগরীর বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে এই মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর নগরীর চট্টেশ্বরী রোড হয়ে কাজির দেউরি পর্যন্ত এসে পুনরায় একই পথে চারুকলার বন্ধ গেইটের সামনে গিয়ে শেষ হয়।
স্নাতকোত্তর পর্যায়ের আরেক শিক্ষার্থী জহির রায়হান অভি বলেন, “সাদাকালো মঙ্গল শোভাযাত্রা করার কারণ হচ্ছে চারুকলার এখন অসময় চলছে। বৈশাখ পালন বন্ধ করার চেষ্টা করা হয়েছে, এর প্রতীকস্বরূপ কালো রঙ নেওয়া হয়েছে।
“আমরা চাই মঙ্গল আসুক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুচিন্তার উদ্ভব হোক। আর এই মঙ্গলের প্রতীক হচ্ছে সাদা।”
চারুকলার শিক্ষার্থীদের অভিযোগ, বর্ষবরণ আয়োজনে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে চারুকলা বন্ধ থাকায় অনুমতি বা অর্থায়ন কোনোটাই দেওয়া হয়নি।
জয়া ভট্টাচার্য নামে চারুকলার তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “সিন্ডিকেট সদস্য এক শিক্ষক আমাদের বলেছেন, এরকম ছোট একটা অনুষ্ঠান না হলে কিছু হবে না। কিন্তু এটা ছোটো কোনো অনুষ্ঠান না…এটা বাঙালির সংস্কৃতি। এর প্রতিবাদেই আমরা এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছি।”
শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়ায় গত বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়াসহ ২২ দফা দাবিতে আন্দোলনে নামে।
২৩ জানুয়ারি থেকে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরতে রাজি হলেও অ্যাকাডেমিক ভবনের বাইরে খোলা প্রাঙ্গণে ক্লাস করে শিক্ষার্থীরা। এরপর ৩১ জানুয়ারি থেকে পুনরায় শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে যেতে নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলার মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন ও আন্দোলন শুরু করে।
এর মধ্যেই ২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় ইনস্টিটিউট এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে তা আরও দুই দফা বাড়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নগরী থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর বাদশা মিয়া সড়কের সরকারি চারুকলা কলেজ ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাথে একীভূত হয় এবং চারুকলা ইনস্টিটিউট হিসেবে সেখানেই শিক্ষা কার্যক্রম শুরু করে। তার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা বিভাগের কার্যক্রম চলত। গতবছরের নভেম্বর থেকে চারুকলার শিক্ষার্থীরা সেই মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন।
১৯৯০ সালে প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা আয়োজন শুরু হয়। পরে ক্যাম্পাসে রাজনৈতিক পালাবদলের সূত্র ধরে তা বন্ধই হয়ে যায়। ২০১০ সালে চারুকলা বিভাগ চারুকলা কলেজের সঙ্গে একীভূত হওয়ার পর থেকে প্রতি বছর চারুকলার শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু করে।
প্রতিবছর বর্ষবরণে রঙবেরঙের আয়োজন করলেও এবছর তারা ‘প্রতিবাদী’ সাদাকালো মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। ইনস্টিটিউটের বাইরের দেয়ালেও সাদাকালো দেয়ালচিত্র আঁকেন তারা।
