০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নকল প্রসাধনীর কারখানায় হানা, গ্রেপ্তার ২

চক্রটি বিভিন্ন স্থান থেকে নামিদামি ব্রান্ডের বোতল সংগ্রহ করে নিজরা দেশীয় কিছু রাসায়নিক ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী প্রস্তুত করত।

চট্টগ্রামে নকল প্রসাধনীর কারখানায় হানা, গ্রেপ্তার ২

গ্রেপ্তারের সময় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনীসহ প্রস্তুতের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2023, 08:08 PM

Updated : 22 Jun 2023, 08:08 PM

চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল প্রসাধনীসহ দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা নিজেরা বিভিন্ন উপকরণের মাধ্যমে এসব প্রসাধনী তৈরি করে বিভিন্ন নামিদামি ব্রান্ডের বলে চালাতেন।

বুধবার নগরীর ধনিয়ালাপাড়ার একটি বাসা থেকে মো. জালাল (৫৫) ও মো. আল আমীনকে (২৮)। গ্রেপ্তার করা হয় ; পরে ধনিয়ালাপাড়া ছোট মসজিদ বাইলেইনের কুতুব বিল্ডিং ও সালেহ আহমদ বিল্ডিংয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী এবং সরঞ্জাম জব্দ করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান জানান, চক্রটি বিভিন্ন স্থান থেকে নামিদামি ব্রান্ডের বোতল সংগ্রহ করে নিজরা দেশীয় কিছু রাসায়নিক ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী প্রস্তুত করত। পরে সেগুলো চট্টগ্রাম অঞ্চলের ক্রেতাদের কাছে বিক্রি করত।

উদ্ধার করা নকল প্রসাধনীগুলোর মধ্যে বডি লোশান, ক্রিম, শেম্পু, বডি ওয়াশ, বডি স্প্রে, মেহেদী, এয়ার ফ্রেশনার, ব্যথানাশক মলম, শেভিং ক্রিম, তেলাপোকা মারার কিট রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা তাইয়ান।

ওই বাসা থেকে নকল প্রসাধনী তৈরির সরঞ্জাম, নকল ব্রান্ড মোড়ক, কৌটাও জব্দ করা হয় বলে জানান তিনি।

অভিযানে থাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরিফুর রহমান বলেন, “দেশের নানা অঞ্চলের ভাঙ্গারি দোকান থেকে বিভিন্ন প্রসাধনীর কৌটা ও বোতল সংগ্রহ করত তারা। পাশাপাশি বিভিন্ন ব্রান্ডের মোড়ক ছাপিয়ে রাখত।

“নকল প্রসাধনীগুলোর প্যাকেটজাত থাকায় আসল নকল বোঝা অনেকের কাছে কষ্টের হয়ে যায়। যার কারণে সেগুলো কিনে সাধারণ লোকজন প্রতারিত হয়।”

এ ঘটনায় ডবলমুরিং থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।