২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এনআইডি সংশোধনের পর চাকরি ফিরে পেলেন পাকু দাশ

এনআইডিতে বয়সের ভুলের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের চাকরি হারিয়েছিলেন এই পরিচ্ছন্নতাকর্মী

এনআইডি সংশোধনের পর চাকরি ফিরে পেলেন পাকু দাশ

পাকু দাশের হাতে মঙ্গলবার পুনঃনিয়োগের চিঠি তুলে দেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 10:32 PM

Updated : 03 Jan 2023, 10:32 PM

জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের পরদিনই চাকরি ফিরে পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতাকর্মী পাকু দাশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে নগর ভবনে তার হাতে পুনঃনিয়োগের চিঠি তুলে দেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

সিসিসি'র উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (মঙ্গলবার) এনআইডি সংশোধনের পর সেটি জমা দেয় পাকু দাশ। তারপর মেয়র মহোদয় তার পুনঃনিয়োগের চিঠিতে সই করেন।আগামীকাল (বুধবার) থেকে পাকু দাশ কাজে যোগ দেবেন।

“একটি ভুলের কারণে তার চাকরি চলে গিয়েছিল। আপনাদের ধন্যবাদ। সংবাদ প্রকাশের কারণে এই ভুলটি দ্রুত সহজে সংশোধন হয়েছে।”

হারানো চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকু দাশ।

সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এখন মা, বউ আর সন্তান নিয়ে আগের মতো সংসার চালাতে পারব। চাকরি চলে যাওয়ায় খুব বিপদে পড়ে গিয়েছিলাম। নিউজ হওয়ায় সব দ্রুত হয়েছে।"

পুরানো খবর:

এনআইডিতে মায়ের বয়স ৫৪, ছেলের ৬৭, ‘চাকরি গেল’ যুবকের
এনআইডি ঠিক হয়েছে, এখন চাকরি ফিরে পাওয়ার আশায় পাকু

এর আগে নিজের পরিচয়পত্র ঠিক করতে সোমবার চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে যান পাকু দাশ; পরে কয়েক ঘণ্টার মধ্যেই দেওয়া হয় সংশোধিত এনআইডি।

নতুন পরিচয়পত্রে পাকু দাশের বয়স ৩৭ বছরের কিছু বেশি; জন্ম ১৯৮৫ সালের ২০ এপ্রিল।

আগের এনআইডি হিসেবে তার বয়স ৫৯ পেরিয়ে গিয়েছিল।

বয়স ৫৯ বছরের বেশি হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ১২৮ জন অস্থায়ী কর্মীকে গত ৩০ অক্টোবর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তখন পরিচ্ছন্নতাকর্মীর চাকরিটি হারিয়েছিলেন পাকু।

এনআইডি কার্ডের এই ভুল বিষয়ে নিজে কিছুই জানতেন না বলে দাবি করেছিলেন নিরক্ষর পাকু। চাকরি যাওয়ার পর তিনি জানতে পারেন, তার বয়স পেরিয়ে গেছে।

পরে দফায় দফায় সিটি করপোরেশনের কার্যালয়ে গিয়েও চাকরি ফিরে পাওয়ার বিষয়ে কোনো আশ্বাস পাননি তিনি।

গত ২৬ ডিসেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকুকে নিয়ে সংবাদ প্রকাশ হলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছিলেন, এই ব্যক্তি আবেদন করলে তার এনআইডি দ্রুত সংশোধন করে দেওয়া হবে। সেই সংশোধনের পরের দিনই চাকরি ফিরে পেলেন তিনি।