২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মীরসরাইয়ে সংঘাতে কিশোর নিহত: দুই জন রিমান্ডে

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চের আগে গত ২৯ সেপ্টেম্বর ছাত্রলীগ ও বিএনপির সংঘাতে প্রাণ হারায় এক কিশোর।

মীরসরাইয়ে সংঘাতে কিশোর নিহত: দুই জন রিমান্ডে

গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে প্রাণ হারানো কিশোর রায়হান হোসেন রুমন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 09:20 PM

Updated : 08 Oct 2023, 09:22 PM

চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কিশোরের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালত ফরিদুল ইসলাম ও রাকিব হোসেন নামের দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

চট্টগ্রামের জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চের আগে গত ২৯ সেপ্টেম্বর বিকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের বাড়িতে এক সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।

সভা শেষে কর্মীরা মিছিল করে বাজারে দিকে আসলে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারায় দোকান কর্মচারী রায়হান হোসেন রুমন।

এই কিশোরকে মৃত্যুর পর ছাত্রলীগ ও বিএনপি উভয়ই তাকে নিজেদের কর্মী দাবি করে।

ঘটনার পরদিন জোরারগঞ্জ থানায় রুমনের মা খালেদা আক্তারের বিএনপি নেতা নুরুল আমিনকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা করেন।

ফরিদুল ইসলাম ও রাকিব হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় তারা চার জনকে গ্রেপ্তার করেছেন।