২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারেই ‘নিষেধাজ্ঞা’ দিতে হবে: শাহাদাত

“সরকার এখন উদভ্রান্তের মত আচরণ শুরু করেছে,” বলেন এ বিএনপি নেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 11:58 PM

Updated : 20 Oct 2022, 11:58 PM

শুধু র‌্যাব ওপর নয়, আওয়ামী লীগ সরকারের ওপরেই নিষেধাজ্ঞা চাইলেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার বিকালে নগরীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করে বলেছে, এদেশে কোনো মানবাধিকার নেই। র‌্যাবকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যেহেতু র‌্যাব-পুলিশকে সরকার নিয়ন্ত্রণ করে তাই শুধু র‌্যাবকে নয়, শেখ হাসিনার সরকারকে নিষেধাজ্ঞা দিতে হবে।“

শাহাদাত বলেন, “এই সরকার অনির্বাচিত সরকার। এ সরকারের কোনো ম্যান্ডেট নেই। আগের রাতে ভোট নিয়ে ফলাফল ঘোষণা করেছে। এই সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।”

‘সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে তিনি বক্তৃতা করছিলেন।

নগর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচিতে শাহাদাতের অভিযোগ, “সর্বক্ষেত্রে ব্যর্থ, গণবিরোধী আওয়ামী সরকার সব মহল থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন উদভ্রান্তের মত আচরণ শুরু করেছে। পতনোন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

“তারা সারাদেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা মামলার পুরনো অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে।“

বিএনপির চলমান কর্মসূচিগুলোতে জনতার ‘বাঁধ ভাঙা জোয়ার ঠেকাতে’ সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে নগর কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য দেন।