২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ ক্লিনিক বন্ধের নির্দেশ

চট্টেশ্বরী রোড এলাকার দেশ মেডিকেল সার্ভিসেস এবং পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালকে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

চট্টগ্রামে ২ ক্লিনিক বন্ধের নির্দেশ

চট্টেশ্বরী রোডে দেশ মেডিকেল সার্ভিসেসে অভিযান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 08:49 PM

Updated : 29 Aug 2022, 08:49 PM

লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় চট্টগ্রামের দুটি বেসরকারি ক্লিনিক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী নগরীর চট্টেশ্বরী রোড ও পাঁচলাইশ এলাকার মোট ছয়টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।

এগুলো হল- দেশ মেডিকেল সার্ভিসেস, হেলথ হোম প্রাইভেট লিমিটেড, ফেয়ার হেলথ, পাঁচলাইশ শিশু ও জেনারেল হাসপাতাল, ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল এবং মেঘনা ল্যাব।

Image

অবৈধ চিকিৎসা কেন্দ্র বন্ধে অভিযান চট্টগ্রাম সিভিল সার্জনের

সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, লাইসেন্সবিহীন, অননুমোদিত ও হাসপাতাল ও ক্লিনিক এবং ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এর মধ্যে চট্টেশ্বরী রোড এলাকার দেশ মেডিকেল সার্ভিসেস এবং পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালকে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

দেশ মেডিকেল সার্ভিসেস ২০১৫ সালের পর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি, অনলাইন নিবন্ধনও নেই। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পাওয়া গেছে। আর অপারেশন থিয়েটার থাকলেও তা মানসম্মত নয় বলে অভিযানে ধরা পড়ে।

ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালেরও অনলাইন নিবন্ধন নেই, অপারেশন থিয়েটার যেমন মানসম্মত ছিল না, তেমনি কোনো চিকিৎসক বা নার্সকেও পায়নি অভিযান দল।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, হেলথ হোম ও ফেয়ার হেলথ হোম নামের ক্লিনিক দুটিতে পাওয়া অনিয়ম আগামী ১০ দিনের মধ্যে দূর করতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হবে।