২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০১ সালের নির্যাতন ভুলে যাবেন না: হিন্দু সম্প্রদায়কে তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ বলেন, “জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। সেভাবেই সবাই মিলেমিশে একাকার।”

২০০১ সালের নির্যাতন ভুলে যাবেন না: হিন্দু সম্প্রদায়কে তথ্যমন্ত্রী

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 01:32 AM

Updated : 22 Oct 2023, 01:41 AM

২০০১ সালের জাতীয় নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার স্মৃতি ভুলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

তিনি সতর্ক করে বলেছেন, “সাম্প্রদায়িকভাবে দেশকে বিভাজনকারীরা ক্ষমতায় আসলে দেশে আর স্বস্তি থাকবে না।”

শনিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে স্বস্তি বিরাজ করছে। যারা নির্বাচন আসলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, তারা যদি ক্ষমতায় আসে তবে মানুষের মাঝে এই স্বস্তি আর থাকবে না।

“২০০১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর সারাদেশে কীভাবে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়েছিল এটি আপনারা দয়া করে ভুলে যাবেন না।”

আওয়ামী লীগই একমাত্র অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে দাবি করে মন্ত্রী বলেন, “সামনের নির্বাচনে এই কথাগুলো সবাইকে বিবেচনায় রাখতে হবে।”

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেমন ছড়ায়, তেমনি ফিলিস্তিনে যখন পাখি শিকার করার মতো মানুষ শিকার করে, তখন কিছু বলে না। তারা ক্ষমতার জন্য যা কিছু দরকার সব করতে পারে। এদেরকে চিনে রাখতে হবে।”

দেশটা সবার

এই মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

“আমাদের দেশে কে কোন ধর্মাবলম্বী বা কোন সম্প্রদায়ের, সেটি কখনো বিবেচনা করা হয় না। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। সেভাবেই সবাই মিলেমিশে একাকার।

“বাংলাদেশে দুর্গা পূজা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, সব সম্প্রদায়ের মানুষ সেই উৎসবে সামিল হয়।”

সরকার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, “মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা এবং সামর্থ্য আছে বিধায় প্রতি বছর দূর্গা পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পায়, অন্যথায় এটি হত না।

“এই বছর ৩৪ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গোৎসব হচ্ছে। প্রতি বছরই সারা দেশে কয়েক শ করে মণ্ডপ বৃদ্ধি পায়।”

পরে মন্ত্রী উপজেলার আরও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার এবং পূজা উদযাপন পরিষদের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।