চট্টগ্রামে বর্জ্য অপসারণে ৩৪৫ গাড়ি, ৪৩০০ শ্রমিক
বিকালের মধ্যে বর্জ্য অপসারণ, ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মেয়র।
ঈদের দিন বিকাল ৫টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আর এজন্য ৩৪৫টি গাড়ি নিয়ে কাজ করবেন ৪ হাজারের বেশি শ্রমিক।
মঙ্গলবার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠে চট্টগ্রামের কেন্দ্রীয় জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বিকালের মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন।
আগামী বৃহস্পতিবার কোরবানির ঈদ উদযাপন হবে। সেদিনই বেশির ভাগ পশু কোরবানি হবে। ফলে নগরীতে জমবে পশুর বর্জ্য।
মেয়র রেজাউল সাংবাদিকদের বলেন, নগরীকে বর্জ্যমুক্ত করার সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিন সকাল ১১টা থেকে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটলে বিকাল ৫টার মধ্যে বর্জ্য অপসারণের কাজ শেষ হবে।
“তবে কিছু প্রান্তীয় এলাকায় সীমাবদ্ধতার কারণে সর্বোচ্চ সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ কাজ শেষ হতে পারে।”
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর বর্জ্য অপসারণের ৪ হাজার ৩০০ শ্রমিক নিয়োগ করা হয়েছে। তারা ট্রাকসহ ৩৪৫টি যানবাহন দিয়ে বর্জ্য পরিচ্ছন্নতার কাজ করবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহাম্মেদ জানান, এবছর নগরবাসীর কোরবানির জন্য ৪১টি ওয়ার্ডে ৩০৪টি স্থান নির্ধারণ করা হয়েছে।
নালায় কোনো ধরনের বর্জ্য না ফেলার জন্য অনুরোধ জানিয়েছে সিটি করপোরেশন থেকে।
