২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মাঠ দখলের মহড়ায় ‘অশুভ ইঙ্গিত’ দেখছেন স্বপন

“তথাকথিত সুশীল সমাজও দেশের অগ্রযাত্রা অচল করে দিতে প্রাসাদ ষড়যন্ত্রে ইন্ধন যোগাচ্ছে,” অভিযোগ আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদকের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 10:46 PM

Updated : 21 Sep 2022, 10:46 PM

দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াতের মাঠ দখলের মহড়াকে ‘অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার চট্টগ্রাম মহানগরীর একটি কনভেনশন সেন্টারে এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধকালীন বিএলএফ এর পূর্বাঞ্চলীয় অধিনায়ক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বপন বলেন, “করোনা অতিমারীকালে, এমনকি রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের ‍মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির চাকাকে সচল রেখেছেন।

“সর্বোপরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনধারা যাতে স্বাভাবিক থাকে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় ঈর্ষান্বিত হয়ে ধ্বংসাত্মক রাজনীতিতে লিপ্ত রয়েছে।”

তার অভিযোগ তথাকথিত সুশীল সমাজও দেশের অগ্রযাত্রা অচল করে দিতে প্রাসাদ ষড়যন্ত্রে ইন্ধন যোগাচ্ছে।

এম এ মান্নানের মত রাজনীতিকের সংখ্যা কমে আসছে মন্তব্য করে আওয়ামী লীগের এ হুইপ বলেন, রাজনীতি ব্যক্তির চেয়ে বড়। দলের আদর্শের প্রতি আনুগত্য, জনগণের সেবা ও কল্যাণ প্রতিষ্ঠাই একজন রাজনীতিকের ব্রত।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উত্তর জেলার সহসভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এরআগে নগরীর দামপাড়ায় মুক্তিযুদ্ধের সংগঠক মান্নানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।