চট্টগ্রামে দুই স্বাস্থ্যকেন্দ্রকে জরিমানা
বিভিন্ন অনিয়মে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষিণ অধিদপ্তর।
মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষিণ অধিদপ্তর।
রোববার দুপুরে নগরীর গোলপাহাড় মোড় এলাকায় অবস্থিত মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রোগ নির্ণয় কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ রিজেন্ট পাওয়া গেছে। তাছাড়া রিএজেন্ট আমদানির যথাযথ কাগজও দেখাতে পারেনি। সেকারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।”
অধিদপ্তরের কর্মকর্তারা একই এলাকায় ল্যান্ডস্টেইন ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন নামে একটি প্রতিষ্ঠানে সংগ্রহ করা রক্তের ব্যাগে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করে।
