০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: সব প্রস্তুতি শেষ, রোববার ভোট

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই উপ নির্বাচনে ১৫৬টি কেন্দ্রের সবগুলোতে ভোট হবে ইভিএমে।

চট্টগ্রাম-১০ উপ নির্বাচন: সব প্রস্তুতি শেষ, রোববার ভোট

চট্টগ্রাম-১০ আসনে উপ নির্বাচনের জন্য শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 08:29 PM

Updated : 29 Jul 2023, 08:29 PM

আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে উপ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই উপ নির্বাচনে ১৫৬টি কেন্দ্রের সবগুলোতে ভোট হবে ইভিএমে।

শনিবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে ইভিএমসহ ভোটের সব সরঞ্জাম বিতরণ করা হয়।

এসময় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, “প্রতিটি কেন্দ্রে বসানো সিসি ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে নিবিড় মনিটরিং করা হবে। রিটার্নিং অফিসার কার্যালয় থেকেও মনিটরিং করা হবে।”

রোববারের ভোটে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।

নির্বাচনে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন কমিশনের ২৪ জন পর্যবেক্ষক থাকবেন।

অন্যদিকে শনিবার এই উপ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ।

তিনি উপ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের আইনশৃঙ্খলা দিকনির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

এই আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এরমধ্যে নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৩ জন।

নির্বাচনে ভোটার উপস্থিতি বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, “সাধারণত উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম থাকে। তারপরও আমাদের দিক থেকে ভোটার উপস্থিতি নিয়ে সবধরনের সহায়ক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এই উপ নির্বাচনে প্রার্থী মোট ছয়জন। এ আসনে নগর আওয়ামী লীগ সদস্য ও নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু হয়েছেন নৌকার প্রার্থী।

তার সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন জাতীয় পার্টির (লাঙ্গল) মো. শামসুল আলম, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট) ও আরমান আলী (বেলুন)।

এই নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি।

এই উপ নির্বাচনে ১৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১৩১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২৬২৮ জন পোলিং অফিসার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।