সমালোচনা হয় বলে বিতর্ক বন্ধ রেখেছিল বিটিভি, জানালেন তথ্যমন্ত্রী
“বাস্তবিক অর্থে সমগ্র বিশ্বব্যাপী মানুষ প্রচণ্ডভাবে যান্ত্রিক হয়ে যাচ্ছে,” বলেন হাছান মাহমুদ।
বিতর্ক প্রতিযোগিতায় ‘সরকারের সমালোচনা হয়’, তাই সেই আয়োজন বাংলাদেশ টেলিভিশন দীর্ঘদিন বন্ধ রেখেছিল বলে জানালেন খোদ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ২০১৯ সালে এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি খোঁজ নিয়ে বিষয়টি জানতে পারেন এবং তারপর আবার প্রতিযোগিতা শুরু হয়।
শুক্রবার বাংলাদেশ টেলিভিশনেরই চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন তথ্য দেন মন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশ টেলিভিশন অনেকদিন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেনি। প্রধানমন্ত্রী আমাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর জিজ্ঞেস করলাম কেন বিতর্ক প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হলো?
“তখন আমাকে টেলিভিশনের কর্মকর্তারা বললেন, সরকারেও অনেক সমালোচনা হয়, সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে।”
বিটিভির কর্মকর্তাদের সঙ্গে সেই আলাপচারিতার কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “আমি বললাম, সমালোচনা তো হতে হবে। সরকারেরও সমালোচনা হতে হবে। সমালোচনাবিহীন সমাজ হতে পারে না। সমাজে সমালোচনা থাকতে হবে, দায়িত্বে যারা থাকবে- তাদের সমালোচনা অবশ্যই হবে। দায়িত্বে না থাকলে তো সমালোচনা নাই।
“বিতর্ক হতে হবে, তাহলেই সমাজ এগিয়ে যাবে। তখন আমি সিদ্ধান্ত দিলাম বিটিভির দুটি কেন্দ্রে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার।”
তথ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের রাষ্ট্রকে একটি বিতর্ক, ন্যায় এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে চান। সেই সমাজ গঠন করতে হলে সমাজে বিতর্ক থাকতে হয়। বিতর্ক যদি না থাকলে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন সহজ হয় না।
“বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে এই যে বিতর্ক প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে, এতে বিতর্ক ও যুক্তিভিত্তিক এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়ক হবে।”
শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের বিষয় ছিল ‘শুদ্ধাচার ও নৈতিকতা গঠনে পরিবারের চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই বেশি।’
সুষ্ঠু সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নৈতিকতা ও শুদ্ধাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, “বাস্তবিক অর্থে সমগ্র বিশ্বব্যাপী মানুষ প্রচণ্ডভাবে যান্ত্রিক হয়ে যাচ্ছে। মানুষ যদি যন্ত্রের মত জড় পদার্থ হয়ে যায়, নৈতিকতা এবং মানবিকতা হারিয়ে যায়; তাহলে তো মানুষ আর মানুষ থাকে না।
“এই ক্ষেত্রে এখানে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান দুটিরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারও চেয়ে কারও ভূমিকা কম নয়।”
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম কেন্দ্রের স্টুডিওতে বক্তৃতা করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
স্বাগত বক্তব্য রাখেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।
সারাদেশ থেকে ১০৪ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে চূড়ান্ত পর্বের বিজয়ী দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রানার আপ দল জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রতিযোগীদের হাতে ট্রফি ও সম্মাননার চেক তুলে দেওয়া হয়।
