২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়বর্ধক প্রকল্প নিয়ে এগোতে চান চট্টগ্রামের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান

“নির্দিষ্ট কোনো এলাকার নয়, সারা চট্টগ্রামের সেবক হতে চাই,” বলেন এটিএম পেয়ারুল ইসলাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 12:45 AM

Updated : 20 Oct 2022, 12:45 AM

সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে সবাইকে নিয়ে উন্নয়নের কাজ করতে চান চট্টগ্রামের নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ আশার কথা জানান আওয়ামী লীগ সমর্থিত এ চেয়ারম্যান।

পেয়ারুল বলেন, “নির্দিষ্ট কোনো এলাকার নয়, সারা চট্টগ্রামের সেবক হতে চাই। আমি সেবা করব ৯১ লাখ ৬৩ হাজার ৭৬০ জন মানুষের। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত, সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে সকলকে নিয়ে একসাথে কাজ করবো।”

জনপ্রতিনিধিদের সমন্বয়ে চট্টগ্রামের রোডম্যাপ তৈরি করে সরকার থেকে উন্নয়ন বরাদ্দ করে সিটি করপোরেশন ও সব উপজেলায় সমভাবে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন করার কথা বলেন তিনি।

চট্টগ্রাম জেলা পরিষদের সম্পত্তিসমূহ যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আয়বর্ধক প্রকল্প গ্রহণে পরিকল্পনা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধা’খ্যাত প্রবাসীদের সামাজিক মর্যাদা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান উপস্থিত ছিলেন।