সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
চাকরি দেওয়ার কথা বলে তিনি প্রতারণা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক অধ্যাপকের কাছ থেকে অভিযোগ পেয়ে শনিবার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শুভ মল্লিক (৩০) নিজেকে ব্রিগেডিয়ার পরিচয় দিয়ে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শুভর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায় কাশিয়াইশ ইউনিয়নে। নগরীর কাট্টলী ইশান মহাজন ঘাট এলাকায় তিনি থাকেন।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুভ মল্লিক সিভাসুর এক অধ্যাপকের সঙ্গে পরিচয়ের সময় নিজেকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পরিচয় দিয়েছিলেন। উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠায় শুভ সেনাবাহিনীর পরিচালনাধীন ফার্মে ভেটেরিনারি সার্জন, হিসাবরক্ষক, প্রকৌশলীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার জন্য লোক চান।
“এরপর শুভ ওই অধ্যাপকের পরিচিত ১৫ জনের কাছ থেকে দুই দফায় চার হাজার ৯৪৫ টাকা করে বিকাশ ও নগদ নম্বরে ৭৪ হাজার ১৭৫ টাকা নেন। পাশাপাশি তাদের মোবাইল নম্বরে টাকার প্রাপ্তির প্রমাণ হিসেবে সেনা সদর দপ্তরের নামে ভুয়া ফিরতি এসএমএস দেওয়া হয়।”
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই শিক্ষক গত ৫ জুলাই খুলশী থানায় একটি মামলা করেন জানিয়ে ওসি সন্তোষ বলেন, শুভর অবস্থান নিশ্চিত করে পুলিশ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তার কাছ থেকে ব্রিগেডিয়ার জেনারেল ও সেনাবাহিনী সদর দপ্তরের ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড লেখা একটি সিল, ‘ব্রিগেডিয়ার জেনারেল ঋতুরাজ সেন গুপ্ত’ নামে ছাপানো ভিজিটিং কার্ড ও একটি মোবাইল সেট করার কথা জানিয়েছেন ওসি।
পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার জানান, শুভর মোবাইল ফোনের স্ক্রিনে সেনাবাহিনীর পোশাক পরা ছবি মিলেছে। তাছাড়া সেনাবাহিনীর লোগোযুক্ত একটি মানিব্যাগ ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
