বঙ্গবন্ধু টানেলে এক মাসে চার কোটি টাকার টোল
প্রথম মাসে প্রতিদিন গড়ে ৫ হাজার ৭০৪টি যানবাহন পারাপার হয়েছে এ টানেল দিয়ে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার পর প্রথম ত্রিশ দিনে পারাপার হয়েছে প্রায় পৌনে দুই লাখ যানবাহন; তাতে টোল আদাল হয়েছে চার কোটি টাকার বেশি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৯ অক্টোবর ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ১৩৬টি গাড়ি চলাচল করেছে টানেল দিয়ে।
তাতে সব মিলিয়ে টোল বাবদ আদায় হয়েছে ৪ কোটি ২ লাখ ৩৮ হাজার ৫০ হাজার টাকা।
ভারী গাড়ির তুলনায় টানেল দিয়ে ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও ছোট গাড়ি বেশি চলাচল করেছে বলে জানান এই প্রকৌশলী।
কর্ণফুলী নদীর একপাড়ে বন্দর নগরী, অন্যপাড়ে আনোয়ারা উপজেলার শিল্প এলাকা। ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ার উচ্চাভিলাসী লক্ষ্য নিয়ে বানানো এই টানেলের মাধ্যমে এই দুই পাড় যুক্ত হয় গত ২৮ অক্টোবর।
১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৬টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় টানেলের দ্বার। সাধারণের চলাচলের প্রথম ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছিল ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী বলেছেন, প্রথম ৩০ দিনের হিসেবে টানেল দিয়ে প্রতিদিন গড়ে যানবাহন চলেছে ৫ হাজার ৭০৪টি। আর দিনে গড়ে টোল আদায় হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ২৬৮ টাকা।
