চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ স্থগিত, চলছে ক্লাস-পরীক্ষা
বিশ্ববিদ্যারয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবে চলেছে।
ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা অবরোধ ‘সাময়িক স্থগিত’ করায় স্বাভাবিক’ অবস্থায় ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবেই চলেছে; শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস ও শিক্ষার্থীদের শাটল ট্রেনও চলাচল করছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ শুরু করেছিলেন শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের কয়েকটি গ্রুপ। পরে রাত ১২টার দিকে তারা কর্মসূচি সাময়িক স্থগিতের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং শাটল ট্রেনের বগিভিত্তিক ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে অবরোধ স্থগিত করেছি।
তিনি আশ্বাস দিয়েছেন আমাদের সাথে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। তাই অবরোধ সাময়িক স্থগিত করা হয়েছে।"
তবে ‘যোগ্য’ ছাত্রলীগ কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা না হলে আবারও অবরোধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বলেন, “শাটল ট্রেন এবং বাস চলাচল শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের পরীক্ষা এবং ক্লাস রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।“
এরপর থেকে কেউ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালা দিলে কিংবা শাটল ট্রেন অবরোধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন সহকারী প্রক্টর।
তিনি বলেন, “এ ধরনের আন্দোলেন শিক্ষার্থীরা লেখাপড়ার পরিবেশ হারাচ্ছে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ ভিএক্স, বাংলার মুখ, রেড সিগনাল, উল্কা, এপিটাফ এবং কনকর্ডের নেতাকর্মীরা সোমবার সকাল ৬টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অবরোধে বসেন।
এই গ্রুপগুলো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
তাদের অবারোধের কারণে সোমবার নয়টি বিভাগের ১১টি পরীক্ষা স্থগিত করা হয়।
একই দাবিতে গত ১১ সেপ্টেম্বরও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ দেখিয়েছিল ছাত্রলীগের ওই ছয় গ্রুপ।
