২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে লেখালেখির আগে সত্যাসত্য যাচাইয়ের পরামর্শ চট্টগ্রাম পুলিশের

একটি ঘটনাকে কেন্দ্র করে নানা গুজবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থেকে সংবাদ সম্মেলন করে এই পরামর্শ দেওয়া হয়।

ফেইসবুকে লেখালেখির আগে সত্যাসত্য যাচাইয়ের পরামর্শ চট্টগ্রাম পুলিশের

নগরীর কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 10:48 PM

Updated : 01 Sep 2022, 12:08 AM

দুর্গাপূজার আগে কোনো ঘটনার সঠিকতা যাচাই না করে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট কিংবা লেখালেখি না করার পরামর্শ দিয়েছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতারা।

নানা গুজবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা থেকে বুধবার সংবাদ সম্মেলন করে এই পরামর্শ দেওয়া হয়।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাথরঘাটায় মণ্ডপে গণেশের প্রতিমা নেওয়ার পথে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম পুলিশ সংবাদ সম্মেলনে আসে। পূজা উদযাপন পরিষদের নেতারাও এতে উপস্থিত হন।

এতে বলা হয়, মঙ্গলবার রাতে পাথরঘাটা আশরাফ আলী রোডের ফজলু কলোনি এলাকায় গণেশ পূজার প্রতিমা নেওয়ার পথে প্রতিমা বহনকারী ভ্যানের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। পরে অনেকেই সোশাল মিডিয়ায় মূর্তির ভাঙা ছবি পোস্ট করে বিভিন্ন লেখালেখি শুরু করেন।

কোতোয়ালি থানায় করা সংবাদ সম্মেলনে ওই ঘটনা তুলে ধরে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) জসীম উদ্দিন বলেন, “কিছু উচ্ছৃঙ্খল লোক এসময় গণেশের মূর্তি বহনকারী ভ্যানকে প্রাইভেট কার ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছে বলে ‘গুজব’ ছড়ায়। এ গুজব শুনে ৬০/৭০ জন লোক জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে।

“খবর পেয়ে ওই চালককে পুলিশ হেফাজতে নেয়। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর ও মহানগর পূজা উদযাপন কমিটির লোকজনদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

পুলিশ কর্মকর্তা জসীম বলেন, ওই সময় প্রতিমার ভ্যান ও প্রতিমার কোনো ক্ষতি হয়নি এবং কেউ ভাঙচুর করেনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী এটি ভিন্নখাতে প্রভাবিত করতে ‘গুজব’ ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি দিচ্ছে।

এদিকে এ ঘটনা ভোররাত পর্যন্ত উত্তেজনা চললে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

এসব নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে পুলিশ কর্মকর্তা আরও বলেন, মঙ্গলবার রাতের ঘটনাটি কোনো উস্কানির কারণে ঘটেনি। ঘটনার আকস্মিকতার কারণে সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নগরীল ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর সাংবাদিকদের বলেন, ‘ভুল বোঝাবুঝির’ কারণে মঙ্গলবার রাতের ঘটনা সৃষ্টি হয়েছিল। এলাকার লোকজন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এখানে ‘চিড়’ ধরাতে গুজব ছড়ানো হচ্ছে।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচর্য্য বলেন, “বিষয়টি দুঃখজনক। অনেকেই না জেনে বুঝে ফেইসবুকে লিখছেন। যারা না জেনে লিখছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা গুজব ছড়াবেন না।

“পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক, যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই ঘটনাটি আর না বাড়িয়ে এখানেই সমাপ্তি ঘটুক।”

এসময় আটক গাড়িচালকের চাচা শেখ জাহিদ হোসেন বলেন, হঠাৎ করেই এ ‘ইনসিডেন্ট’ হয়েছে।

“সবার কাছে অনুরোধ করব, ফেইসবুকে লেখালেখি না করে নিজেদের মধ্যে বিষয়টি যেন মীমাংসা করে নেওয়া হয়।”

সংবাদ সম্মেলনের পর বিকালে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়ার্ড কাউন্সিলর, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যস্ততায় বিষয়টি নিষ্পত্তি করা হয়। উভয় পক্ষ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে লিখিত দেওয়ার পর ওই গাড়িচালককে স্থানীয় আওয়ামী লীগ নেতা আসফাক আহমদ ও স্থানীয় টিপু দাশ গোপালের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, সহকারী কমিশনার মুজাহিদুল ইসলামসহ স্থানীয় ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।