চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ৩ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার
রায়হানের নির্দেশে তারা বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়, অবৈধ বালু উত্তোলন ও বালু উত্তোলনের টাকা সংগ্রহ করে বলে পুলিশের ভাষ্য।
চট্টগ্রামে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান উদ্দিনের সহযোগী। তার হয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।
মঙ্গলবার ভোররাতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মুনিরিয়া যুব তবলিগ মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. জাফর (৩৮) ও সাফায়েত হোসেন সিফাত (১৯)।
তাদের কাছ থেকে একটি দেশি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার শাহাদাত ও জাফর সন্ত্রাসী রায়হানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়, অবৈধ বালু উত্তোলন ও বালু উত্তোলনের টাকা সংগ্রহ করে। সিফাত ‘কিশোর গ্যাং’ পরিচালনা করেন।
এছাড়া রায়হানের অনুসারী হিসেবে তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেলের ভাষ্য, গভীর রাতে এ তিনজন মুনিরিয়া যুব তবলিগ মাদ্রাসার নির্মাণাধীন ভবনের সামনে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
