২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোনা চোরাচালানের দায়ে ১০ বছরের কারাদণ্ড

দণ্ডিত হোসাইন পলাতক রয়েছেন।

চট্টগ্রামে সোনা চোরাচালানের দায়ে ১০ বছরের কারাদণ্ড

ফাইল ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2023, 03:55 PM

Updated : 01 Jun 2023, 03:55 PM

৯ বছর আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২টি সোনার বারসহ ধরা পড়া এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মোহাম্মদ হোসাইন (২৯) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা দোভাষির হাট গ্রামের আহমদুর রহমানের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে সোনার বার আনার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ৩০ অক্টোবর দুবাই থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মোহাম্মদ হোসাইন। তার কাছে শুল্কযোগ্য কোনো সোনা নেই বলে ব্যাগেজ ফরমে উল্লেখ করেন তিনি।

বিমান বন্দরের গ্রিন চ্যানেল পেরিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেহ তল্লাশি করে প্যান্টের ভিতর কোমরে বাঁধা দুটি কাপড়ের বেল্টের ভিতর ৮২টি সোনার বার উদ্ধার করে শুল্ক কর্মকর্তারা, যার ওজন ৯ কেজি ৫৬৪ গ্রাম।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় নগরীর পতেঙ্গা থানায় মামলা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার।

এ মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর।

মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হলো।