২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির শাটল ট্রেনে সাবেক শিক্ষার্থীকে মারধর

হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আক্রান্ত যুবক জানিয়েছেন।

চবির শাটল ট্রেনে সাবেক শিক্ষার্থীকে মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 02:56 PM

Updated : 27 Aug 2022, 02:55 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে সাবেক এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরমুখী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে বলে সাবেক ওই শিক্ষার্থী জানিয়েছেন।

হামলার শিকার অভিজিৎ দাশ অভি ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

অভিজিতের স্ত্রী, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বর্তমান শিক্ষার্থী অন্বেষা মজুমদার জানান, রাতের শাটল ট্রেনে শহরে ফেরার সময় কয়েকজন এসে অভিকে শিকল দিয়ে বেঁধে রড দিয়ে মারতে থাকে। এসময় তারা অভির মাথা ফাটিয়ে দেয় এবং রডতার পিঠে ঢুকিয়ে দেয়।

তিনি বলেন, “ফতেয়াবাদ স্টেশন আসলেই ছেলেগুলো অভিকে প্রাণনাশের হুমকি দিয়ে ট্রেন থেকে নেমে যায়।”

পরে অভিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলাকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে অভি জানিয়েছেন।

অন্বেষা বলেন, “ছেলেগুলোকে আমরা চিনতে পেরেছি। কিছুদিন আগে তারা বিশ্ববিদ্যালয় স্টেশনে মাতাল অবস্থায় আমাদের সাথে দূর্ব্যবহার করেছিল।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জিয়াউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মৌখিক অভিযোগ পেয়ে পুলিশে খবর দিয়েছি। দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি, শিগগিরই তাদের বিচারের আওতায় আনা যাবে।”